ধানবাদে কয়লাখনিতে আচমকা ধসের বলি ৪

প্রায় ২৫ ফুট পুরু কয়লার ছাদ ধসে এই দুর্ঘটনা
সোমবার সকাল সোয়া এগারোটা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। ধানবাদে বিসিসিএল-এর বাসন্তীমাতা কোলিয়াড়িতে তখন প্রায় একশো জন শ্রমিক কাজ করছিলেন। তখনই সুড়ঙ্গে কয়লার একটি বড় চাঙর ভেঙে পড়ে। খনিতেই আটকে পড়েন সব শ্রমিকরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। মাটির তলায় আরও শ্রমিক আটকে থাকতে পারে এই অনুমানে উদ্ধারকার্য চালানো হচ্ছে।
দু-তিন দিন আগে থেকেই খনির ছাদ থেকে গুঁড়ে ঝড়ছিল বলে জানিয়েছেন শ্রমিকরা। সেই অভিযোগের কথা শুনে সোমবার পরিস্থিতি পর্যবেক্ষণে নামেন অ্যাসিসটেন্ট ম্যানেজার অরূপ চট্টোপাধ্য়ায়। কিন্তু তারপরই এই দুর্ঘটনায় খনিতে আটকে পড়েন তিনিও। উদ্ধার করা হয় খনিকর্মী হরি লালের দেহ। অরূপবাবু ছাড়াও সীতারাম মাজি ও লীটু সাহু নামে দুই কর্মীকেও এদিন রাত পর্যন্ত খনির নীচ থেকে উদ্ধার করা যায়নি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত কোকিং কোল লিমিটেডের ১২ নম্বর এলাকার এই খনিটিতে নিরাপত্তার সমস্যা বেশ কিছু দিনের। শ্রমিকদের কথায়, শনিবার থেকেই খনির চাল খসার আওয়াজ পাওয়া যাচ্ছিল। কিন্তু রবিবার ছুটির দিন হওয়ায় পরিস্থিতির এতটা চরমে পৌছিয়েছে তা বোঝা যায়নি। সোমবার শ্রমিকরা নিয়মমাফিক কাজে যোগ দেন। সকাল সাড়ে এগারোটা নাগাদ যন্ত্র দিয়ে কয়লা কাটার কাজ শুরু হলে খনির ছাদ হুড়মুড়িয়ে পড়ে।
খনির ছাদ ধসে পড়ার বিকট আওয়াজে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিসিসিএল সূত্রের খবর প্রায় ২৫ ফুট পুরু কয়লার চাল এদিন ধসে পড়েই এই দুর্ঘটনা।












Click it and Unblock the Notifications