৩০ লক্ষ সরকারি চাকরি হবে, নির্বাচনের আগে পাঁচ প্রতিশ্রুতি রাহুল গান্ধীর
লোকসভা ভোটের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ভোটের দিনক্ষণও চূড়ান্ত প্রায়৷ এরই মধ্যে পাঁচ প্রতিশ্রুতির কথা বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ ২০২৪ সালের লোকসভা ভোটে কংগ্রেস ক্ষমতায় এলে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে।
কেন্দ্রীয় সরকারের চাকরির ক্ষেত্রে শূন্যপদ আছে ৩০ লক্ষ৷ কংগ্রেস ক্ষমতায় এলে সেইসব শূন্যপদ পূরণ করার কাজ শুরু হবে। ৯০ শতাংশ পদে চাকরি দেওয়া হবে। এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তার থেকেও বড় কথা আগামী দিনে এসসি, এসটি, ওবিসিদের জন্য বিশেষ নজর দেওয়া হবে। আলাদা ব্যবস্থা করা হবে। এমন কথাও কংগ্রেস নেতৃত্ব দাবি করছে। প্রশ্ন উঠছে, এবার লোকসভা নির্বাচনে পিছিয়ে পড়া জাতির ভোট টানতে বিশেষ ভাবনা রাহুলের?
ইউপিএ জমানায় মনরেগা প্রকল্প চালু হয়েছিল। এখন এই প্রকল্পই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারের একটি বিশেষ অংশ। এবার অন্য একটি বিশেষ ভাবনার কথা বলা হচ্ছে৷ কংগ্রেস ক্ষমতায় এলে এপ্রেনটিসের ব্যবস্থা করা হবে।
স্নাতক, ডিপ্লোমা করার পরেই পড়ুয়ারা শিক্ষানবিশ হিসেবে কোনও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতে পারবে। এক বছর তারা সেখানে কাজ শিখতে ও করতে পারবে। এজন্য তাদের টাকাও দেওয়া হবে। এই সময়ে এক লক্ষ টাকা করে পাবেন তারা। কংগ্রেস ক্ষমতায় এলে এই বিষয়ে আইন করা হবে।
পরীক্ষার প্রশ্নপত্র যাতে না ফাঁস হয়। সেদিকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হবে। আইন তৈরি করা হবে নতুন সরকার তৈরি হলে। পরীক্ষার নির্দিষ্ট নিয়মকানুনও তৈরি করে দেওয়া হবে। আউটসোর্সিং করানো হবে না কোনও বেসরকারি প্রতিষ্ঠানের থেকে।
দেশের অসংগঠিত, চুক্তিভিত্তিক শ্রমিকদের কথা ভাবা হচ্ছে৷ তাদের সামাজিক সুরক্ষা সঠিক করার জন্য পদক্ষেপ করা হবে। এজন্য আইন করার ভাবনাও রয়েছে। কংগ্রেস ক্ষমতায় এলে শ্রমিকদের জীবনের মানোন্নয়ন হবে। এমনই কথা বলা হচ্ছে।
এছাড়াও স্টার্টআপ ফান্ড তৈরির কথা ভাবা হচ্ছে৷ বলা হচ্ছে, কংগ্রেস ক্ষমতায় এলে পাঁচ হাজার কোটি টাকার এই ফান্ড তৈরি করা হবে। দেশের প্রত্যেক জায়গায় আলাদাভাবে এই ফান্ড ব্যবহার হবে।












Click it and Unblock the Notifications