পুলওয়ামা এনকাউন্টারে খতম নবগঠিত গাজওয়াত উল-হিন্দের তিন জঙ্গি
নবগঠিত জঙ্গিগোষ্ঠী গাজওয়াত উল-হিন্দের তিন সদস্য গুলির লড়াইকে সেনাবাহিনীর হাতে নিকেশ হয়েছে বলে জানা গিয়েছে।
জাকির মুসা পরিচালিত নবগঠিত জঙ্গিগোষ্ঠী গাজওয়াত উল-হিন্দের তিন সদস্য গুলির লড়াইকে সেনাবাহিনীর হাতে নিকেশ হয়েছে বলে জানা গিয়েছে। এদিন বুধবার দুপুরের পর দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় এই ঘটনা ঘটেছে।

গোপন সূত্রে খবর পেয়ে পুলওয়ামার ত্রালের গুলাব বাগ গ্রামে তল্লাশি অভিযান চালায় সেনা ও পুলিশের বিশেষ দল। সেই অপারেশনেই তিন জঙ্গিকে এনকাউন্টারে খতম করা হয়েছে। এলাকায় আরও এক জঙ্গির লুকিয়ে থাকার খবর রয়েছে বলে জানা গিয়েছে।
সেনা সূত্রে জানা গিয়েছে, তিন জঙ্গি হল ইশাক আহমেদ, জাহিদ আহমেদ ও আলতাফ আহমেদ। এদের মধ্যে ইশাক ও জাহিদ ত্রালের ও আলতাফ সোপিয়ানের বাসিন্দা।
প্রসঙ্গত, একসময়ের হিজবুল মুজাহিদিন জঙ্গি জাকির মুসা আল কায়েদার সঙ্গে হাত মিলিয়ে আনসার গাজওয়াত উল হিন্দ নামে নতুন জঙ্গিগোষ্ঠী চালাচ্ছে। কাশ্মীর জঙ্গি আন্দোলনে বর্তমান সময়ের অন্যতম পরিচিত মুখ এই জঙ্গি।












Click it and Unblock the Notifications