নির্ভয়াকাণ্ডের ৩ আসামির ফাঁসি হতে পারে শনিবার, দাবি সরকারি আইনজীবীর
শনিবার কার্যকর হতে পারে তিন আসামির ফাঁসি। এমনটাই দাবি করলেন দিল্লি গণধর্ষণ মামলার সরকার পক্ষের আইনজীবী। তবে অপর দিকে ফাঁসি ঠেকাতে আবেদন জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীও। সব মিলিয়ে নির্ভয়াকাণ্ডে ফাঁসি কার্যকর করা নিয়ে তৈরি হওয়া রহস্যের উপর থেকে পরদা আর উঠছে না।

রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইরফান আহমেদ বলেন, 'শুধু মাত্র একজন (বিনয় শর্মা) ছাড়া বাকি তিনজনের ফাঁসির বিষয়ে কোনও বাধা নেই। বিনয়ের প্রাণভিক্ষআর আবেদন এখনও আটকে রয়েছে। বাকি তিনজনের ফাঁসি কার্যকর হওয়াটি বেআইনি হবে না।'

ফাঁসি পিছোতে মরিয়া
দিল্লি গণধর্ষণ কাণ্ডে সাজাপ্রাপ্তদের দিন যত ঘনিয়ে আসছে ততই ফাঁসি পিছোনো বা এড়াতে আরও মরিয়া হয়ে উঠছে তারা। এই মরিয়া ভাব থেকেই ১ ফেব্রুয়ারি ফাঁসি কার্যকর না করে তা পিছিয়ে দেওয়ার আবেদন করে দিল্লির একটি আদালতের দ্বারস্থ হন চার সাজাপ্রাপ্তের আইনজীবী। এই বিষয়ে আইনজীবী এপি সিং দাবি করেন সাজাপ্রাপ্তদের মধ্যে ২৬ বছর বয়সী বিনয় কুমার শর্মা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তাই ফাঁসি পিছিয়ে দেওয়া হোক।

বিনয় কুমারের ফাঁসি শনিবার হবে না
যাবতীয় প্রশাসনিক ও আইনি অধ্যায় কাটিয়ে ঠিক হয়েছিল আগামী ১ ফেব্রুয়ারি হবে নির্ভয়াকাণ্ডের ধর্ষকদের ফাঁসি। তবে এবার শোনা যাচ্ছে যে, সেই ফাঁসির দিন আরও পিছিয়ে যাবে। প্রসঙ্গত, বুধবার সন্ধ্যাবেলা বিনয় কুমার প্রাণভিক্ষার আবেদন জানায়। রাষ্ট্রপতি সেই আবেদন যখনই নাকচ করবে তার থেকে ১৪ দিন পর ফাঁসি কার্যকর করা সম্ভব।

দিল্লি কারাগার আইন
এদিকে সাজাপ্রাপ্তদের আইনজীবীর যুক্তি, দিল্লি কারাগার আইন অনুযায়ী একই দোষে সাজাপ্রাপ্তদের একই সঙ্গে ফাঁসি দিতে হয়। তাই যেহেতু বিনয়ের ফাঁসি পিছিয়ে যেতে চলেছে তাই বাকি সাজাপ্রাপ্তদের ফাঁসিও পিছিয়ে দিতে হবে। আর সেই মর্মেই আদালতের দ্বারস্থ হয়েছেন এপি সিং।

জারি রয়েছে টালবাহানা
এদিকে এখনও পর্যন্ত নির্ভয়া ধর্ষণকাণ্ডে অক্ষয় ও পবনের কাছে কিউরেটিভ আবেদন ও প্রাণভিক্ষার আবেদনের সুযোগ রয়েছে। এদিকে, অক্ষয় নিজের পক্ষে কিউরেটিভ আবেদন রেখেছে সুপ্রিমকোর্টের কাছে। সেই আবেদন খারিজ হয়ে যায়। তার পিটিশনে অক্ষয় বলেছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে জনতার চাপে পড়ে। এদিকে, নির্ভয়া কাণ্ডে দোষী পবনের সামনে রয়েছে আরও একটি সুযোগ। সে এখনও কিউরেটিভ আবেদন রাখেনি মত্যুদণ্ডের বিরুদ্ধে। এই আবেদনগুলি এক সঙ্গে না করে এক এক করে করায় ক্রমশই পিছিয়ে যাচ্ছে ফাঁসির দিন।

তৈরি হচ্ছে তিহার
এদিকে তিহারে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন পবন জল্লাদ। দোষীরা এক এক করে প্রাণভিক্ষার ক্ষমা চেয়ে আদালতে আবেদন করে চলেছে। যা ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে যে আদৌ নির্ভয়ার দোষীদের ফাঁসি ১ ফেব্রুয়ারি হবে কি না! এরই মধ্যে তিহারে শুরু হয়ে গিয়েছে ফাঁসির মহড়া। ধর্ষক বিনয় কুমার, অক্ষয় ঠাকুর, পবন কুমার গুপ্ত, মুকেশ সিংকে শেষ আইনি নির্দেশ অনুযায়ী ১ ফেব্রুয়ারি ভোর ৬ টায় ফাঁসি দেওয়ার কথা।












Click it and Unblock the Notifications