কোভিড–১৯ হটস্পট দিল্লির তিনটি জেল, করোনায় আক্রান্ত ৪৬ জন বন্দি সহ ৪৩ জন জেল কর্মী
কোভিড–১৯ হটস্পট দিল্লির তিনটি জেল, করোনায় আক্রান্ত ৪৬ জন বন্দি সহ ৪৩ জন জেল কর্মী
দেশজুড়ে করোনা ভাইরাসের কেস আবারও হু হু করে বাড়তে দেখা যাচ্ছে। এর ওপর আবার দোসর হয়েছে দক্ষিণ আফ্রিকার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। একাধিক রাজ্যে করোনা কেস বৃদ্ধি পাচ্ছে। দিল্লি ও মহারাষ্ট্র সবচেয়ে বেশি ভাবাচ্ছে কেন্দ্রকে। সোমবার সরকারি সূত্রে জানা গিয়েছে যে দিল্লির তিনটে সংশোধনাগারের ৪৬ জন বন্দি ও ৪৩ জন কর্মী করোনা পজিটিভ।

শীর্ষ এক জেল অধিকর্তা এ প্রসঙ্গে বলেছেন, 'আক্রান্ত হওয়া জেলের কর্মী ও বন্দিরা সকলে আইসোলেশনে রয়েছে এবং তারা সুস্থ হয়ে উঠছে।’ জেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত ৪৬ জন বন্দি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ২৯ জন বন্দি তিহার জেলের এবং বাকি ১৭ জন মাণ্ডোলি জেলের বন্দি বলে জানা গিয়েছে। অন্যদিকে ৪৩ জন আক্রান্ত কর্মীদের মধ্যে ২৫ জন তিহার জেলের, ১২ জন রোহিনী জেলের এবং ৬ জন মাণ্ডোলি জেলের কর্মী।
জেল আধিকারিকরা জানিয়েছেন যে তিহার, মাণ্ডোলি এবং রোহিনী জেল কমপ্লেক্সে ভাইরাল রোগের বিস্তার রোধে গৃহীত পদক্ষেপের অংশ হিসাবে, জেল ডিসপেনসারিগুলিকে কোভিড–১৯ কেয়ার সেন্টারে পরিণত করা হয়েছে। তিহারে একটি অক্সিজেন প্ল্যান্ট শীঘ্রই কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে যে জেলের বন্দিদের সামান্য উপসর্গ দেখা দিলেই তাদের জেলের ভেতরই তৈরি করা একাধিক মেডিক্যাল আইসোলেশন সেলে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হবে। তবে যাদের টেস্ট রিপোর্ট পজিটিভ কিন্তু কোনও উপসর্গ নেই তাদের একই জেলে আলাদা আইসোলেশন সেলে রাখা হবে।
তিহারের ১২০টি বেড সম্পন্ন হাসপাতাল ও ৪৮টি বেড সম্পন্ন মাণ্ডোলি হাসপাতালকে কোভিড স্বাস্থ্য কেন্দ্রে পরিণত করা হয়েছে। জেল কর্তৃপক্ষ জানিয়েছে যে আক্রান্ত বন্দি ও কর্মীদের ওপর পর্যবেক্ষণ চালাতে তারা চারটে কমিটি গঠন করেছে। কর্মী ও বন্দিদের মধ্যে যতটা সম্ভব সামাজিক দুরত্ব বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। বন্দিদের বেশিরভাগই তাদের ওয়ার্ডে সীমাবদ্ধ রয়েছে এবং কোভিড বিধি অনুসরণ করার সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত করা হচ্ছে। প্রসঙ্গত, ৭ জানুয়ারি পর্যন্ত দিল্লির তিনটে কারাগারে মোট বন্দির সংখ্যা ১৮,৫২৮ জন। যার মধ্যে তিহার জেলেই সর্বাধিক ১২,৬৬৯ জন বন্দি রয়েছে ও মাণ্ডোলিতে ৪,০১৮ ও রোহিনীতে ১,৮৪১ জন বন্দি আছে।
অন্যদিকে, দেশে কোভিডের তৃতীয় ওয়েভ ক্রমশঃ ভয়ানক হয়ে উঠছে। গতকালের তুলনায় সাড়ে ১২ শতাংশ বেড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ৮০ হাজার। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা চারশোর বেশি। দিল্লিতে সংক্রমণের প্রাবল্য রুখতে সোমবার ভোর পর্যন্ত চলেছিল উইকএন্ড কার্ফু। পরিস্থিতি সামলাতে ময়দানে নেমে কাজ করতে হচ্ছে দিল্লি পুলিশকে। তাতে করোনার প্রকোপ এসে পড়েছে তাদের ওপরও। কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন জনসংযোগ আধিকারিক ও অ্যাডিশনাল কমিশনার চিন্ময় বিসওয়াল-সহ তিনশোর বেশি পুলিশ কর্মী।












Click it and Unblock the Notifications