গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ২৮
৫০০ ফিট গভীর খাদে বাস পড়ে ২৮ জন যাত্রীর মৃত্যু। দুর্ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের রামপুরের কাছে। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৫০০ ফিট গভীর খাদে যাত্রীবোঝাই বাস পড়ে মৃত্যু হল ২৮ জনের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশের রামপুরের খানেরি এলাকায়। বেসরকারি বাসটি ৩৬জন যাত্রীকে নিয়ে কিন্নৌর থেকে সোলান যাচ্ছিল বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে শিমলা পাঠানো হয়েছে, আহত আরও ৪জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেসরকারি ওই বাসটির চাকা ফেটে যাওয়ায় চালক আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান। এরপর এনডিআরএফ ও সিআইএসএফ-এর একটি দলও পৌঁছে যায় ঘটনাস্থলে। ইতিমধ্যেই মৃত ২৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শিমলার ডেপুটি কমিশনার। মৃতদের পরিবারকে আপাততভাবে ১০ হাজার টাকা করে অর্থসাহায্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অন্য়দিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিজনদের সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।












Click it and Unblock the Notifications