পাঞ্জাবে বিষ মদ কাণ্ড, ৪৮ ঘণ্টায় মৃত কমপক্ষে ২১, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
পাঞ্জাবে বিষ মদ কাণ্ড, ৪৮ ঘণ্টায় মৃত কমপক্ষে ২১, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
গত ৪৮ ঘণ্টার মধ্যে পাঞ্জাবের মাঝা অঞ্চলের তিনটি জেলাতে বিষ মদ খেয়ে কমপক্ষে ২১ জন মারা গেছেন বলে জানা যাচ্ছে। অমৃতসর, বাটালা এবং তারানে গত দু-দিনে এই ভয়াবহ ঘটনা ঘটেছে বলে খবর। এদিকে ইতিমধ্যেই এই ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে।

কোন কোন জেলায় জাঁকিয়ে বসেছে বিষ মদের কারবার ?
সূত্রের খবর, অমৃতসর, বাটালা এবং তারানের এই বিষ মদ কাণ্ডে জলন্ধরের বিভাগীয় কমিশনার কর্তৃক ম্যাজিস্ট্রিয়াল স্তরের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। এদিকে আরও বেশ কিছু লোকের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। এদিকে এই ঘটনার প্রায় দু'মাস আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পুলিশ ও আবগারি বিভাগকে রাজ্যে অবৈধ মদ তৈরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলেও জানা যাচ্ছে।

বিষ মদের কারবারের জেরে বড়সড় রাজস্ব ক্ষতির মুখে পাঞ্জাব
ওয়াকিবহাল মহলের ধারণা গত কয়েকমাসে গোটা পাঞ্জাবেই হুহু করে বেড়েছে জাল মদের ব্যবসা। যার জেরে বড়সড় রাজস্ব ক্ষতির মুখে পড়েছে গোটা রাজ্যই। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে জালি মদের ব্যবসা রুখতে নড়ে চড়ে বসে প্রশাসন। কড়া হাতে মাঠে নমে পুলিশও। কিন্তু তারপরেও শেষ রক্ষা হল না। পাঞ্জাব পুলিশ সূত্রে খবর, ২৯ শে জুন রাতে অমৃতসরের মুচল ও টাঙ্গড়া গ্রাম থেকে প্রথম পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কোন কোন এলাকা থেকে বেশি মৃত্যুর খবর ?
পরবর্তীতে ৩০ জুলাই সন্ধ্যায় মুচলে আরও দু'জন মারা যায় বলে খবর। শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় এর মধ্যে একজনকে গুরুতর অবস্থায় তাকে টাঙ্গরার সরবজিৎ কৌর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকেরা তাকে শ্রী গুরু রামদাস হাসপাতালে পাঠান। পরবর্তীতে সেখানেই তার মৃত্যু হয় বলে জানা যাচ্ছে।

পোস্টমর্টেম না করেই দাহ
পরে মুছল গ্রামে আরও দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি বাটালা শহরেও দু'জনের মৃত্যু হয়েছে বলে খবর। এদিকে শুক্রবার সকালেও বিষ মদ পান করে বাটালায় আরও পাঁচজন মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। এদিন তারান থেকে আরও চারটি একইরকম সন্দেহজনক মৃত্যুর খবর পাওয়া যায়। সূত্রের খবর, এর মধ্যে অনেক মরদেহই পোস্টমর্টেম না করেই দাহ করা হয়েছে।












Click it and Unblock the Notifications