আগামী লোকসভা ভোটে বাংলায় কেমন ফল হবে বাম-কংগ্রেসের, কী বলছে সমীক্ষা
সাম্প্রতিক রাজ্যের সমস্ত ছোট-বড় নির্বাচনে দেখা গিয়েছে যে মানুষ তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে বিজেপিকে ভোট দিচ্ছে, বাম-কংগ্রেসকে নয়।
সাম্প্রতিক রাজ্যের সমস্ত ছোট-বড় নির্বাচনে দেখা গিয়েছে যে মানুষ তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে বিজেপিকে ভোট দিচ্ছে, বাম-কংগ্রেসকে নয়। অথচ একসময়ে পালা করে প্রথমে কংগ্রেস ও পরে বামেরা তিন দশক ধরে রাজ্য শাসন করেছে। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে বাম-কংগ্রেসের সংগঠন ভগ্নদশায় পরিণত হয়েছে।

অনেক বিশেষজ্ঞই বলেছেন, বাম-কংগ্রেসের ভোট এখন বিজেপি পাচ্ছে। বিকল্প মত ও নেতার অভাবেই ধুঁকছে কাস্তে-হাতুড়ি-তারা ও হাত শিবির।
২০১৪ লোকসভা ভোটে দুই শিবিরই রক্তাক্ত হয়েছে। বামেদের জামানত জব্দ হয়েছে। কংগ্রেস আগের চেয়ে বেশি আসন হেরে খাদের কিনারায় চলে এসেছে। ২০১৪ লোকসভা ভোটে তৃণমূল ৩৯.০৫ শতাংশ ভোট পায়। বিজেপি পায় ১৬.৮০ শতাংশ ভোট শেয়ার। আর সিপিএম অনেক কমে ২৯.৭১ শতাংশ ও জাতীয় কংগ্রেস কমে গিয়ে ৯.৮৫ শতাংশ ভোট পায়।
আসনের দিক থেকে বামেরা ১৫টি আসন থেকে কমে ২টি আসন পায়। যার মধ্যে সিপিএম পায় ১টি আসন। আর কংগ্রেস ৬টি আসন থেকে কমে ৪টি আসন পায়।
এখন এবিপির সমীক্ষায় দেখা যাচ্ছে যে তৃণমূল ৩৯ থেকে বেড়ে ৪৪ শতাংশ ভোট পেতে পারে। বিজেপি পেতে পারে ১৭ থেকে বেড়ে ২৪ শকাংশ ভোট। আর সিপিএম তথা বামেরা ৩০ শতাংশ থেকে কমে ১৭ শতাংশে নেমে আসতে পারে। কংগ্রেস তো আরও নিচে নেমে যাবে বলে সমীক্ষায় দাবি করা হয়েছে। ফলে আগামী লোকসভা ভোটও আরও একবার পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে করুণ বার্তা বয়ে আনতে চলেছে বাম-কংগ্রেসের জন্য। আপাতত এবিপি সমীক্ষা সেদিকেই ইঙ্গিত করছে।












Click it and Unblock the Notifications