রাত পোহালেই চিকিৎসক দিবস, ছুটি ঘোষণা বাংলায়! জেনে নিন দিনটির বিশেষ গুরুত্ব
চিকিৎসক দিবস উপলক্ষে ছুটি ঘোষণা বাংলায়, জেনে নিন দিনটির বিশেষ গুরুত্ব
গত প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারি। এদিকে সঙ্কটকালে মানবজাতীর ত্রাতা হিসাবে প্রায়শই ঈশ্বর-বিজ্ঞানে জোর লড়াই লাগলেও আসল রক্ষকার্তার ভূমিকায় যে আমরা চিকিৎসকদেরই পেয়েছি সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। এদিকে ১ জুলাই প্রতিবছরই পালন করা হয় চিকিৎসক দিবস। কিন্তু করোনাকালে এবারে এই দিনটির গুরুত্ব যে কয়েকগুণ বেড়ে গিয়েছে তা বলাই বাহুল্য।

শহিদ দিবস হিসাবে পালনের ডাক ডাক্তারদের
এদিকে ভারতীয় মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭৯৮ জন চিকিৎসক। আর সেকথা মাথায় রেখেই ১ জুলাই চিকিৎসক দিবস উদ্যাপনের বদলে দিনটিকে করোনা শহিদ দিবস হিসেবে পালন করার আহ্বান জানাচ্ছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই 'হ্যাশট্যাগ কোভিড মার্টার্স ডক্টর্স ডে' ক্যাম্পেন চালু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দিনটির বিশেষ গুরুত্ব কোথায় ?
এদিকে আগামীকাল সারাদিন ছুটি ঘোষণাও করেছে বাংলার সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, এই দিনটি মূলত বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী স্মরণে পালন করা হয়। চিকিৎসা ক্ষেত্রে দুর্দান্ত অবদান রাখার জন্য ১৯৯১ সালে এই দিনটি প্রথম উদযাপন করা হয়েছিল বলে জানা যায়। এদিকে বিধান চন্দ্র রায়ের জন্ম ১৮৮২ সালের ১ জুলাই। আবার তাঁর মৃত্যু ১৯৬২ সালে একই তারিখে।

ভাষণ দেবেন মোদী
প্রসঙ্গত, গত রবিবার ৪৫ তম 'মন কি বাত' রেডিও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দিনটি উপলক্ষে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটি উপলক্ষ্যে বিশেষ ভাষণ দেবেন বলে জানা গিয়েছে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে খবর।

আন্তর্জাতিক আঙিনায় চিকিৎসক দিবস
যদিও প্রতিবছরই বিভিন্ন সংগঠন ও হাসপাতালের চিকিৎসকদের তরপে এই দিন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যদিও আন্তর্জাতিক স্তরে ১৯৩৩ সালের ৯ মে, জর্জিয়ায় প্রথম চিকিৎসক দিবস পালনের রীতি শুরু হয় বলে জানা যায়। ১৯৯০ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় ছুটির দিন হিসাবে স্বীকৃতি দেন বলে জানা যায়।












Click it and Unblock the Notifications