নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মৃত ১৬

রবিবার সন্ধ্যায় কালাদুঙ্গী শহরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ওই বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। বরাপাত্থর এলাকায় বিয়েবাড়ি সেরে ওই বাসে ফিরছিলেন তারা। ফেরার পথে রাস্তায় একটি বাঁক এলে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ জনের। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। কয়েক ঘন্টার মধ্যে ওই ৩ জনেরও মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
এদিন বাসটি খাদে পড়ে গেলে প্রচন্ড আওয়াজে ছুটে আসেন এলাকাবাসীরা। এক মুহূর্ত অপেক্ষা না করেই উদ্ধারকাজ শুরু করে দেন তাঁরাই। এর পর পুলিশ এসে যুগ্ম প্রচেষ্টায় উদ্ধারকাজ চলতে থাকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকিদের চিকিৎসার জন্য হাসপাতালে রাখা হয়েছে। তবে সূত্রের খবর অনুযায়ী এদের মধ্যে কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।
পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের আমরোহা জেলার মেরাসারায়ের বাসিন্দা আজিমের বিয়ের অনুষ্ঠান ছিল এদিন। দুর্ঘটনাগ্রস্ত বাসটির পিছনে একটি গাড়িতে করে নব বর-বধূ আসছিল। সেই কারণেই এই দুর্ঘটনায় তাদের কোনও ক্ষতি হয়নি।












Click it and Unblock the Notifications