একসঙ্গে দল ছাড়ছেন ১৫ জন বিধায়ক! মোদীর রাজ্যে বড় ভাঙন কংগ্রেসে
গুজরাতের উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেলের সঙ্গে দেখা করেন প্রাক্তন কংগ্রেস নেতা তথা অনগ্রসর শ্রেণির নেতা অল্পেশ ঠাকোর।
গুজরাতের উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেলের সঙ্গে দেখা করেছেন প্রাক্তন কংগ্রেস তথা অনগ্রসর শ্রেণির নেতা অল্পেশ ঠাকোর। তারপরই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা চরমে ওঠে। তারপরই এদিন তিনি দাবি করেছেন, অন্তত ১৫জন কংগ্রেস নেতা দল ছাড়তে চলেছেন। ঠাকোর পাটান জেলা থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়ে ভোটের মাঝেই কংগ্রেস ছেড়ে দেন।

ক্ষুব্ধ অল্পেশরা
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ঠাকোর জানিয়েছেন, আমার গোষ্ঠীর মানুষজন দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণির। তাঁদের সরকারি সমর্থন চাই। আমি যা চেয়েছিলাম তা দিতে পারিনি। আমরা চেষ্টা করেছিলাম। তবে যে সংগঠন আমাদের সম্মান দেয় না, সেখানে থাকার মানে হয় না।

কংগ্রেসীরাও বীতশ্রদ্ধ
অল্পেশের কথায়, আমরা সম্মিলিতভাবে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমরা নিজেদের মানুষের জন্য কাজ করতে চাইছি সরকারের সাহায্য নিয়ে। এবার কংগ্রেসের ১৫জন বিধায়ক দল ছাড়তে চলেছে। সকলেই বীতশ্রদ্ধ। একটু অপেক্ষা করুন।

মুখে কুলুপ সকলের
প্রসঙ্গত, নিতিনের সঙ্গে গান্ধীনগরের অফিসে অল্পেশ ছাড়াও কংগ্রেস বিধায়ক ধবলসিং জালা ছিলেন। তবে এরা কেউ মুখ খুলছেন না। বিজেপিও বৈঠক নিয়ে মুখে কুলুপ এঁটেছে।












Click it and Unblock the Notifications