ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসে মহারাষ্ট্রে মৃত্যু বেড়ে ১৪৯, নিখোঁজ শতাধিক! উদ্ধারকাজে জোর এনডিআরএফ-র
ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসে মহারাষ্ট্রে মৃত্যু বেড়ে ১৪৯, নিখোঁজ শতাধিক! উদ্ধারকাজে জোর এনডিআরএফ-র
কিছুতেই থামছে না প্রকৃতির রুদ্ররোষ। মহারাষ্ট্র সহ দেশের একাধিক রাজ্যে এখনও জারি রয়েছে মুষলধারা। এদিকে বন্যা, ভূমিধ্বসের কারণে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯। অন্যদিকে শুধুমাত্র ভূমিধ্বসের কারণেই রাজ্যের একাধিক জেলায় খোঁজ মিলছে না একশোর বেশি মানুষের। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ।

এদিকে একটানা বৃষ্টির জেরে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলি। বর্তমানে রায়গড়, রত্নগিরি এবং সাতারায় জোরকদমে উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ। এই তিন জেলাই সবথেকে বেশি ভূমিধ্বসের কবলে পড়েছে। তিন জেলা থেকে এখনও পর্যন্ত ৯০টি মৃত দেহও উদ্ধার করেছে এনডিআরএফ।
এর মধ্যে রায়গড়ের মহাদ তহসিলের অন্তর্গত তালিয়ে গ্রাম থেকেই সর্বাধিক মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মারা গিয়েছেন ৪৭ জন। অন্যদিকে রত্নগিরির পোরাস এবং পেধে, এবং সাতারার মাতারগাঁও, আম্বেঘর দোকাওয়ালেও চলছে উদ্ধারকাজ। সমস্ত জায়গা থেকেই বহু মানুষের নিখোঁজ থাকার খবর মিলছে। এদিকে এনডিআরএফ ইতিমধ্যেই বন্যা কবলিত ৩,১০০-র বেশি মানুষকে উদ্ধার করেছে বলে জানিয়েছে। পাশাপাশি ১,২৫০ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে এসেছে বলে খবর।
এই তিনটি জেলা বাদেও মুম্বই, কোলাপুর, থানে, পালঘর, সাঙ্গালি, সিন্ধুদুর্গ, নাগপুর এবং পুনেতে ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলিতে ত্রাণ ও উদ্ধারকাজের জন্য ৩৪ টি দল মোতায়েন করেছে এনডিআরএফ। উদ্ধারকাজে হাত লাগিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশও। এদিকে ১৪৯ মানুষের মৃত্যু, ১০০ জন নিখোঁজের পাশাপাশি গত কয়েকদিনের দুর্যোগে রাজ্যজুড়ে ৫০ জন মানুষ আহত হয়েছে বলেও জানা যাচ্ছে। এরমধ্যেই অনেকেই বর্তমানে হাসপাতালে ভর্তি।












Click it and Unblock the Notifications