বুনো শুকরদের প্রত্যাবর্তন, কেমন ছিল থাইল্যান্ডের গুহায় আটকে পড়ার অভিজ্ঞতা
থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়া ১৩ জন এতদিনে জনসমক্ষে এল। সাংবাদিক সম্মেলনে ভাগ করে নিল তাদের অভিজ্ঞতা
এতদিনে জনসমক্ষে এল ওরা। থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়া ১২ জন খুদে ফুটবলার ও তাদের ২৫ বছরের কোচ। গায়ে ফুটবল দল ওয়াইল্ড বোরস-এর টিশার্ট। মুখে একরাশ হাসি। প্রথমেই থাই রীতি মেনে সম্ভাষণ জানালো জড়ো হওয়া সাংবাদিক ও অন্য়ান্য ব্যক্তি বর্গকে। তারপর সাংবাদিক সম্মেলনে অল্প হলেও ভাগ করে নিল তাদের গুহা যাপনের অভিজ্ঞতা।

কোচ এক্কাপোল চান্তাওং জানিয়েছেন, ঘটনার দিন ফুটবল প্র্যাকটিসের পর ১ ঘন্টার জন্য তারা গুহায় যান অ্যাডভেঞ্চারে। কিন্তু হঠাত বৃষ্টি এসে সব গুবলেট করে দেয়। আটকে যান প্লাবিত গুহায়। তারা ভেবেছিলেন বাইরের কেউ তাদের খুঁজেই পাবে না। তাই তারা গুহার ভেতর সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টাও করেন। ব্রিটিশ ডুবুরিরা তাদের খোঁজ পাওয়ার আগে পর্যন্ত পাথর চুঁইয়ে পড়া জল খেয়েই কাটিয়েছেন। তারপর আসে সেই মুহূর্ত। কেমন ছিল উদ্ধারের সেই সময়? দলের এক খুদে জানিয়েছে মিরাকল। মিরাকল ছাড়া কিছু বলা যায় না।
ওয়াইল্ড বোরস-দের জন্য সাংবাদিক সম্মেলনের জায়গাটি সাজানো হয়েছিল খুব সুন্দর করে। পেছনে বিরাট ব্যানারে থাই ভাষায় লেখা 'বুনো শুকরদের প্রত্যাবর্তন'। সামনের অংশের সজ্জা ছিল ফুটবল মাঠের আদলে। ছিল একটি গোল পোস্টও। ১৩ জন আসেন একটি ফুটবল নিয়েই। হাসপাতাল থেকে ভ্যানে করে তাদের নিয়ে আসা হয়। সাংবাদিক সম্মেলনের পর তারা একটু বল নিয়ে খেলা ধূলোও করেন। গোলপোস্টের সামনে ওই ১৩ জন আর ৫ জন প্রধান উদ্ধারকারী ডুবুরি দাঁড়িয়ে ছবিও তোলেন।
#WATCH: All 12 Boys of the Wild Boars soccer team who spent more than 2 weeks trapped in Tham Luang cave showcase their football skills before the press briefing #Thailand pic.twitter.com/VVWXhlmW1R
— ANI (@ANI) July 18, 2018
ডাক্তাররা জানিয়েছেন গুহা থেকে বেরনোর পর থেকে চিকিৎসায় এখন সবাই পুরোপুরি সুস্থ। প্রত্যেকে অন্তত ৩ কেজি করে ওজন বেড়েছে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বিভিন্ন অনুশীলন করানো হয়েছে। কিন্তু দৈহিকভাবে সুস্থ থাকলেও মন অত্যন্ত গহীন ব্যাপার। এক পক্ষকালের বেশি ওই বিপদের মুখোমুখি থেকে তাদের মনে কোন ক্ষত হয়েছে কিনা তা বোঝা সম্ভব নয়।
তাই থাই কর্তৃপক্ষ কোনও ঝুঁকি নিতে চাইছে না। আইনমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ওই ১৩ জনকে প্রশ্ন ট্রশ্ন করা চলবে না। সেক্ষেত্রে তারা হঠাত মানসিকভাবে ভেঙে পড়তে পারে। অন্যথায় শাস্তি হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications