ঘূর্ণিঝড় মোখার পরই আসবে বিপর্যয়! জানেন পরবর্তী ১৩টি ঝড়ের নাম, কারা করেছে নামকরণ
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় মোখা বঙ্গোপসাগরের বুক চিরে এগিয়ে যাবে মায়ানমার উপকূলের দিকে। বুধবার রাতেই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেবে মোখা। তারপর শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড় হয়ে মায়নমারের উপকূলে আছড়ে পড়বে।
এই ঘূর্ণিঝড় মোখা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ২০২০-তে তৈরি নামের তালিকার প্রথম স্তম্ভ শেষ হবে। তারপর শুরু হবে ২০২০-র তালিকা দ্বিতীয় স্তম্ভের ঝড়। মোখা যেমন নতুন তালিকায় প্রথম স্তম্ভের শেষ ঝড়। তেমনই দ্বিতীয় স্তম্ভের প্রথম ঝড়ের নাম হবে বিপর্যয়।

এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে বাংলাদেশ। উত্তর ভারত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে ঝড়ের যে তালিকা রয়েছে, সেই অনুযায়ী পর্যায়ক্রমে আসছে এই নাম। এই অঞ্চলের ১৩টি দেশ ১৩টি করে ঝড়ের নাম দিয়েছে। সেইমতো ১৬৯টি নামের তালিকা তৈরি করা হয়েছে ২০২০ সালে।
১৩টি দেশকে সারিবদ্ধভাবে সাজিয়ে এই নামের তালিকা তৈরি করা হয়েছে। বাংলাদেশ রয়েছে সবার আগে আর শেষ দেশ ইয়েমেন। ফলে চক্রাকারে ইয়েমেনের পরেই ফের বাংলাদেশের নামকরণের পালা। বাংলাদেশ থেকে শুরু করে ভারত, ইরান, মালদ্বীপ মায়ানমার, ওমান পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও আরব আমীরশাহী ও ইয়েমেন ঝড়ের নামকরণ করেছে।

যে সমস্ত ঘূর্ণিঝড় কমপক্ষে তিন মিনিট বাতাসে স্থায়ী হয় এবং গতিবেগ সর্বনিম্ন ঘন্টায় ৬৩ কিলোমিটার হয়, সেই ঝড়েরই নামকরণ করা হয়। উত্তর ভারত মহাসাগরের ৪৫ ডিগ্রি পূর্ব থেকে ১০০ ডিগ্রি পূর্ব পর্যন্ত এলাকায় তৈরি হওয়া গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে এই ১৩ দেশ।
পুরনো তালিকার শেষ ঝড় ছিল আম্ফান। ২০২০ সালে আম্ফান চলে যাওয়ার পর নতুন তালিকার নাম রাখা শুরু হয় ঝড়ের। নতুন তালিকার প্রথম নাম ছিল নিসর্গ। তা করেছিল বাংলাদেশ। তারপর পর্যায়ক্রমে বয়ে গিয়েছে গতি, নিভার, বুরেভি, তাউকটে, ইয়াস, গুলাব, শাহিন, জাওয়াদ, অশনি, সিতরাং, ম্যান্ডোস। এখন বঙ্গোপসাগরে বাসা বেঁধে মোখা।
নতুন তালিকার প্রথম স্তম্ভের শেষে নামা রাখা শুরু হবে দ্বিতীয় স্তম্ভ থেকে। সেইমতো যে সমস্ত ঝড় এবার থেকে তৈরি হবে, তা পর্যায়ক্রমে নামাঙ্কিত হবে। প্রথম নাম বিপর্যয়। তা বাংলাদেশের দেওয়া। দ্বিতীয় নাম তেজ, সেটি দিয়েছে ভারত। তৃতীয় ঝড়ের নাম হামুন ইরানের দেওয়া।

চতুর্থ ঝড়টির নাম হবে মিধিলি, তা মালদ্বীপের দেওয়া নাম। পঞ্চম ঝড়ের নাম মায়ানমার দিয়েছে মিচায়ুং। ষষ্ঠ ঝড়টির নামকরণ করা হয়েছে রেমাল, এটি ওমানের দেওয়া নাম। সপ্তম ঝড়টির নাম দেওয়া হয়েছে আসনা, পাকিস্তান দিয়েছে এই নাম। আর কাতার দিয়েছে অষ্টম ঝড়ের নাম, সেই নামটি হল ডানা।
সৌদি আরব নাম দিয়েছে ফেঙ্গাল, এটি নবম ঝড় এই স্তম্ভের। আর দশম ঝড়টির নাম দিয়েছে শ্রীলঙ্কা, ঝড়ের নাম শক্তি। একাদশতম ঝড়ের নাম হবে মোন্থা, নাম দিয়েছে থাইল্যান্ড। দ্বাদশতম ঝডের নাম আরব আমীরশাহীর দেওয়া, সেই নাম হল সেনিয়ার। আর এই স্তম্ভের শেষ বা ত্রয়োদশতম ঝড়ের নাম হবে দিত্বাহ, সেটি ইয়েমেনের দেওয়া নাম।












Click it and Unblock the Notifications