মহাকুম্ভে পবিত্র স্নান সারলেন ১১৮ সদস্যের বিদেশী প্রতিনিধি দল, বললেন, ‘জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা’!
শনিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহা কুম্ভ মেলায়, ৭৭টি দেশের কূটনীতিক ও মিশনের প্রধানসহ একটি বিশেষ ১১৮-সদস্যের বিদেশী প্রতিনিধিদল তাদের স্ত্রীদের সঙ্গে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান সারেন। এই শুভ মুহূর্তে তারা ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং উত্তর প্রদেশ সরকারের করা ব্যবস্থাকে অত্যন্ত প্রশংসনীয় বলে জানিয়েছেন তারা।
এদিনের এই পবিত্র স্নান নিয়ে কলম্বিয়ার রাষ্ট্রদূত ভিক্টর চাভেরি বলেন, "এটি আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। মহা কুম্ভে এখানকার মানুষের আধ্যাত্মিকতা ও শক্তি অনুভব করা এক অনন্য অভিজ্ঞতা। ভারতীয় সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এবং এই স্থান শান্তি ও মানবতার বার্তা বহন করে"।

রুশ রাষ্ট্রদূতের স্ত্রী ডায়ানা বলেন, "আমি ভারতীয় বিদেশ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই আমাদের এই পবিত্র অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য। স্নান করার পর আমি আধ্যাত্মিক শান্তি অনুভব করেছি। ভারতীয় সংস্কৃতি খুবই বৈচিত্র্যময় এবং গভীর, যা দেখে আমি অভিভূত"।
স্লোভাকিয়ার রাষ্ট্রদূত রবার্ট বলেন, "এই অভিজ্ঞতা অবিস্মরণীয়। কুম্ভ মেলা শান্তি ও ঐক্যের বার্তা বহন করে এবং এটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া উচিত। আমি ভারত সরকার এবং উত্তরপ্রদেশ সরকারকে ধন্যবাদ জানাই এমন একটি সুবিশাল আয়োজনের জন্য"।
কিউবার রাষ্ট্রদূত হুয়ান কার্লোস মারজান বলেন, "এই ধর্মীয় অনুষ্ঠান সত্যিই বিস্ময়কর। লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ ভারতীয় সংস্কৃতির সমৃদ্ধি ও গভীরতা প্রকাশ করে। আমরা সৌভাগ্যবান যে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরেছি"।
১১৮ জন বিদেশীদের এই ভাবে মহাকুম্ভে এসে পবিত্র স্নান সারায় মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় কিছুটা হলেও যেন প্রলেপ পড়েছে বলেই মনে করছে বিজেপি। এই প্রসঙ্গে, বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিং বলেন, "মহা কুম্ভের জন্য আমাদের ব্যবস্থা বিশ্বমানের। বিদেশ মন্ত্রকের সাথে আমাদের যোগাযোগ রয়েছে এবং বহু বিদেশি অতিথি কুম্ভ মেলায় অংশ নিতে আগ্রহী। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সকলকে আমন্ত্রণ জানিয়েছেন"। একই সাথে আরও অনেকেই মনে করছেন এই ভাবে বিদেশী প্রতিনিধিদের মহাকুম্ভে আসা, এর ঐতিহ্য যেন আরও বাড়িয়ে দিল বিদেশের বুকেও।












Click it and Unblock the Notifications