বয়স ১০৭, করোনা টিকা নিয়ে নজির গড়লেন দিল্লির কৃষাণ
করোনা টিকা নিয়ে নজির গড়লেন দিল্লির কৃষাণ
দেশে দ্রুত গতিতে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় দফার টিকাকরণ এগিয়ে চলেছে। প্রথম দফার টিকাকরণে স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের পর দ্বিতীয় দফায় ষাটোর্ধ্ব ও ৪৫ বছর ও তার বেশি এবং একাধিক রোগ রয়েছে এমন ব্যক্তিদের টিকা দেওয়া হবে। সোমবার ভারতের গণপরিষদ খসড়া কমিটির ১০৭ বছরের কেবল কৃষাণ কোভিড–১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে জীবনের আরও একটি মাইলস্টোন অর্জন করলেন। তিনি প্রবীণতম ব্যক্তি যিনি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করলেন।

দিল্লির ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটে হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ অশোক শেঠের তত্ত্বাবধানে কৃষাণকে টিকা দেওয়া হয়। কেবল কৃষাণের পুত্র জানিয়েছেন যে তিনি ভালো আছেন এবং টিকাকরণের পর তাঁর মধ্যে কোনও প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়নি এবং তিনি বাড়ি ফিরে তাঁর দৈনিক পুজোও করেছেন। হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় যে দু’বছর আগে তিনি ছিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি, যাঁর স্ট্রোক প্রতিরোধের জন্য মস্তিষ্কের বাঁ–দিকের ধমনীতে স্ট্রেইন বসানো হয়।
জানা গিয়েছে, কৃষাণের যখন পাঁচ বছর বয়স সেই সময় ১৯১৮ সালে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে স্প্যানিশ ফ্লু মহামারি। ডাঃ শেঠ বলেন, 'এটা খুবই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন ঘটনা যখন কেবল কৃষাণকে সুরক্ষিতভাবে টিকাকরণ করা হয় এবং তিনি নিরাপদের সঙ্গে তাঁর জীবন যাপন করতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে ২ বছর আগে তাঁর ছোটখাটো একটি স্ট্রোক হয়ে গিয়েছে এবং এরপর বড় কোনও স্ট্রোক হলে তাঁর পক্ষঘাত হয়ে যেতে পারে।’
হাসপাতালের জোনাল ডিরেক্টর বিদেশ চন্দ্র পাল বলেন, 'আমি খুব খুশি এটা বলতে পেরে যে তাঁর উন্নতি হয়েছে এবং তিনি আজকে টিকা নিলেন এবং সেটা গ্রহণের পর তাঁকে আরও সুস্থ দেখাচ্ছে। তিনি এরপর আরও বেশি করে তাঁর জীবন পরিবারের সঙ্গে কাটাতে পারবেন।’ তিনি আশা করছেন কৃষাণের টিকা নেওয়ার সিদ্ধান্ত অন্যদেরও অনুপ্রাণিত করবে নিশ্চয়ই। বিদেশ চন্দ্র পাল বলেন, 'মহামারির বিরুদ্ধে লড়াই এবং অবসান ঘটাতে সরকারি প্রচেষ্টাকে সহায়তা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।’
করোনা ভ্যাকসিনের প্রতি মানুষের দ্বিধা দূর করতে এর আগেও টিকা নিয়েছেন ১০৪ বছরের তুলসি দাস, যিনি দিল্লির বাসিন্দা। তাঁকে স্যার গঙ্গা রাম হাসপাতালে টিকা দেওয়া হয়। গত ৯ মার্চ ১০৩ বছরের মহিলা জে কামেশ্বরী বেঙ্গালুরুতে ভ্যাকসিনের প্রথম ডোজ নেন।












Click it and Unblock the Notifications