১০০ জনের একটাই আধার নম্বর, কোন রাজ্যে মুখ পুড়ল সরকারের
মহারাষ্ট্রে একশোজন কৃষকের একটাই আধার নম্বরে সংযুক্তিকরণ করা হয়েছে।
ঋণ মকুব করতে কৃষকদের অনলাইন রেজিস্ট্রেশন করতে বলেছিল মহারাষ্ট্র সরকার। সেই কাজ করে শেষে মুখ পুড়ল দেবেন্দ্র ফড়নবীশ সরকারের। কারণ দেখা গিয়েছে, রেজিস্ট্রেশন তো হয়েছে, তবে একশোজন কৃষকের একটাই আধার নম্বরে সংযুক্তিকরণ করা হয়েছে।

সরকার থেকে বলা হয়েছিল, আধার নম্বর সংযুক্তিকরণ করা থাকলে সব ধরনের জালিয়াতি থেকে বাঁচা যাবে। কেউ জাল উপায়ে ঋণ মকুবের চেষ্টা করলে সেটাও ধরা পড়ে যাবে।
একটি আধার নম্বর একশো জন কৃষকের নামে নথিভুক্ত হয়েছে এমনটা মহারাষ্ট্র কোঅপারেশন বিভাগের এক বরিষ্ঠ আধিকারিক সামনে তুলে এনেছেন। কীভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন তা সরকারি আধিকারিকেরাই বুঝে উঠতে পারছেন না।
এদিকে কৃষকদের ঋণ যত তাড়াতাড়ি মকুব করার জন্য ফড়নবীশের সরকার নির্দেশ দিয়েছে। ব্যাঙ্কগুলি নির্দেশ পেয়ে কাজে নেমে দেখেছে, তাদের কাছে যে রেকর্ড রয়েছে তার সঙ্গে মহারাষ্ট্র সরকারের রেকর্ড মিলছে না। কোথাও কৃষকের নাম মিলছে না, কোথাও জমির মাপ অথবা কোথাও কত টাকা ঋণ ছিল সেটাও মিলছে না।
গত সপ্তাহে মোট ৪ হাজার কোটি টাকা কৃষি ঋণ মকুবের জন্য দিয়েছে মহারাষ্ট্র সরকার। সবমিলিয়ে মোট ৩৪ হাজার কোটি টাকা দেওয়া হবে। তবে কীভাবে আধার সহ সমস্ত সমস্যা দূর হবে তা নিয়ে ধন্দে সরকারি আধিকারিকেরাই।












Click it and Unblock the Notifications