'জমি মাফিয়া' আজম খানের বিরুদ্ধে ১০টি নতুন মামলা
'জমি মাফিয়া' আজম খানের বিরুদ্ধে ১০টি নতুন মামলা
'জমি মাফিয়া'র তকমা গায়ে উঠতেই উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি নেতা আজম খানের বিরুদ্ধে ১০টি নতুন মামলা দায়ের হয়েছে। জমি জবরদখল সংক্রান্ত এই মামলাগুলি আজম খান ছাড়াও মহম্মদ আলি জৌহর বিশ্ববিদ্যালয়ের চিফ সিকিউরিটি অফিসার তথা পুলিশের প্রাক্তন ডিএসপি আলে হাসানের বিরুদ্ধে দায়ের করেছে পুলিশ।

সপা সাংসদের বিরুদ্ধে স্থানীয় কৃষকদের জমি হাতানোর ৩০টিরও বেশি অভিযোগ জমা পড়ে। সরকারি ও চাষের জমি জবর-দখলের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রামপুর পুলিশ ও জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই জমি মাফিয়া হিসেবে আজম খানের নাম সরকারি ওয়েবসাইটে নথিভূক্ত হবে। সপা সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি যাচাই করে দেখা হচ্ছে।
উল্লখ্য গত শুক্রবারই রামপুরের রাজস্ব দফতরের পক্ষ থেকে আজম খান ও আলে হাসানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযোগ, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে ২৬ জন কৃষকের পাঁচ হাজার জমি জবর-দখল করে সেখানে মহম্মদ আলি জৌহর বিশ্ববিদ্যালয় তৈরির কাজ শুরু করা হচ্ছিল। এই এফআইআরের খবর জানাজানি হতেই ২৬ জন কৃষকের কাছ থেকে জোর করে জমি লিখিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ। সেই কৃষকরা আলাদা করে সপা সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন আজম খান। লোকসভা নির্বাচনে রামপুর থেকে বিজেপি প্রার্থীকে হারানোয়, তাঁর বিরুদ্ধে এভাবে বদলা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন সপা সাংসদ।












Click it and Unblock the Notifications