প্রতি ৫ জন অতি-ধনী ভারতীয়র মধ্যে ১ জন বিদেশের স্থায়ী বাসিন্দা হচ্ছেন, বলছে বিশেষ রিপোর্ট
কোটাক ব্যাঙ্কের সাম্প্রতিক এক রিপোর্টে প্রকাশিত হয়েছে যে প্রতি পাঁচজন অতি ধনী ভারতীয় ব্যক্তির মধ্যে একজন (ultra-high-net-worth individuals) বর্তমানে বিদেশে পাড়ি জমানোর কথায় ভাবছেন বা ভবিষ্যতে তা করার পরিকল্পনা করছেন। তবে তাদের অধিকাংশই ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান বলেও জানা যাচ্ছে।
রিপোর্টে বলা হয়েছে, এই উচ্চ সম্পদশালী ব্যক্তিরা তাদের নির্বাচিত গন্তব্য দেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন। বিশেষত, উদ্যোক্তা বা উত্তরাধিকারীদের তুলনায় পেশাদারদের মধ্যে অভিবাসনের প্রবণতা বেশি দেখা যাচ্ছে। ভারতের তুলনায় তারা বিদেশে গিয়ে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

কোটাক ব্যাঙ্কের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, "জরিপ করা প্রতি পাঁচজন আল্ট্রা-এইচএনআই-এর মধ্যে একজন বর্তমানে অভিবাসনের প্রক্রিয়ায় রয়েছেন বা পরিকল্পনা করছেন। তাদের অধিকাংশই ভারতীয় নাগরিকত্ব বজায় রেখে তাদের নির্বাচিত বিদেশি দেশে স্থায়ীভাবে বসবাস করতে চান"।
এই অভিবাসন প্রবণতা বিশেষভাবে লক্ষ্যণীয় ৩৬-৪০ বছর বয়সী এবং ৬১ বছরের বেশি বয়সী ধনীদের মধ্যে। তারা তুলনামূলকভাবে অন্যান্য বয়সীদের চেয়ে বেশি বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। বেশিরভাগ ক্ষেত্রেই সপরিবারের অন্য দেশে গিয়ে থাকার কথা ভাবছেন।
ভারতে অতি-ধনী ব্যক্তিদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ২০২৮ সালের মধ্যে দেশে আল্ট্রা-এইচএনআই-এর সংখ্যা ৪.৩ লক্ষে পৌঁছতে পারে এবং তাদের মোট সম্পদের পরিমাণ দাঁড়াবে প্রায় ৩৫৯ ট্রিলিয়ন। এই ধনী ব্যক্তিদের মধ্যে অনেকেই ভারতের বাইরে বিনিয়োগের নতুন সুযোগ খুঁজছেন।
ভারতের অতি-ধনীদের মধ্যে বিদেশে যাওয়ার এই প্রবণতা নতুন নয়। ২০২১ সালে, বিদেশ মন্ত্রকের এক রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর ২৫ লক্ষেরও বেশি ভারতীয় বিদেশে পাড়ি জমায়। বর্তমানে, বিশ্বের বিভিন্ন দেশে ৩২ লক্ষেরও বেশি অনাবাসী ভারতীয় (এনআরআই) এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি (পিআইও) বসবাস করছেন।
বিশ্বব্যাপী অতি-ধনীদের মধ্যে সম্পদের বৈচিত্র্য বৃদ্ধির প্রবণতা বাড়ছে। উন্নত বিনিয়োগের সুযোগ, শক্তিশালী আর্থিক নিরাপত্তা এবং বিদেশে দীর্ঘমেয়াদী বসবাসের সুবিধা তাদের অভিবাসনের অন্যতম কারণ। ভারতের উচ্চ-সম্পদশালী ব্যক্তিদের এই স্থানান্তর জাতীয় ও আন্তর্জাতিক অর্থনীতির উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications