জেলা স্বাস্থ্য ব্যবস্থা সাংঘাতিক খারাপ, নেই পরিচ্ছন্নতা! কিছুই হয়নি, বেফাঁস রচনার মন্তব্যে কটাক্ষ বিজেপির
হুগলি জেলার স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, সংবাদ মাধ্যমের সামনে বেফাঁস খোদ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন হুগলি জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন তিনি। নিজের সংসদ এলাকায় কী কী কাজ করার আছে তা নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে।
বৈঠক শেষে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কিছুই যে হয়নি, এতদিন তাঁর কাছে সেটা ক্লিয়ার ছিল না। স্বাস্থ্য ব্যবস্থা সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে। তিনি খুব তাড়াতাড়ি সব হাসপাতালগুলো ভিজিট করবেন বলে জানান। জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তিনি দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

রচনা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি ধনিয়াখালি হাসপাতালে গিয়েছিলেন। এরপর প্রত্যেকটা বড় হাসপাতালে তিনি যাবেন এবং দেখবেন সেখানে কী অবস্থায় আছে, কেন হচ্ছে না,কী হচ্ছে না,তিনি সব কিছুর ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।
এরপরেই রচনা বন্দ্যোপাধ্যায় সারপ্রাইজ ভিজিটে যান ইমামবাড়া সদর হাসপাতালে। সেখানে ঘুরে দেখেন সমস্ত বিভাগ। কথা বলেন ভর্তি থাকা রোগী এবং তাঁদের আত্মীয়দের সাথে। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাংসদ।
পরিদর্শন শেষে হাসপাতাল সুপারকে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন তিনি। সুপারকে নির্দেশ দেন হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন নেই, সেগুলোর দিকে আগে নজর দিতে হবে। বলে যান তিনি মাঝে মধ্যেই পরিদর্শনে যাবেন।
যদিও এই গোটা বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। হুগলি জেলা বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, তারা এতদিন ধরে বলে আসছিলেন হাসপাতালের পরিকাঠামো ভাল নয়। কিন্তু তাতে গুরুত্ব না দিয়ে প্রলেপ লাগাচ্ছিলেন তৃণমূল নেতারা। সোমবার সাংসদ, কার্যত তিনি অন্য জগত থেকে সদ্য রাজনীতিতে এসে বুঝতে পেরেছেন হাসপাতালের কী দুর্দাশা!












Click it and Unblock the Notifications