বিশ্বকাপের ম্যাচ কি দেখতে যাচ্ছেন, জেনে নিন কী কী নিষিদ্ধ সেখানে
অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের জন্য যুবভারতীতে আঁটোসাঁটো নিরাপত্তার চাদর। সিসিটিভি থেকে ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর সবই থাকছে।
রবিবার আসার আগে হাতে দিন দুয়েক রয়েছে। প্রথম ম্যাচের আগেই নিরাপত্তা সংক্রান্ত ব্লু প্রিন্ট ছকে নিল কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ। কোন রাস্তা বন্ধ রাখা হবে থেকে নিরাপত্তার জন্য কী কী নিয়ে মাঠে ঢোকা যাবে না তা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে।

দর্শক নিরাপত্তা সুনিশ্চিত করতে মাঠে প্রায় তিন হাজার পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে। এছাড়াও থাকছে ২৫০টি সিসিটিভি ক্যামেরা এবং ১১০টি ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর। যেহেতু শহরের বিভিন্ন প্রান্ত থেকে ৬০-৬৫ হাজার মানুষ যুবভারতীমুখী হবেন তাই সব রাস্তা যাতে সচল রাখা যায় তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। ওই এলাকায় ওই সময় অটো চলাচল বন্ধ রাখা হবে। দূষণ নিয়ন্ত্রণের জন্য ডিজেল চালিত বাস বন্ধ রাখা হবে। তবে বাকি বাস মূল রাস্তা দিয়ে যাতায়াত করবে।
যানজট এড়াতে আলাদা আলাদা সাতটি পার্কিং জোন করা হয়েছে। ২৬০০ গাড়ি যাতে রাখা যায় তার ব্যবস্থা করা হয়েছে। তবে ভুলেও স্টেডিয়ামে মানিব্যাগ ও মোবাইল ফোন ছাড়া আর কিছু নিয়ে আসবেন না দর্শকরা। বারবার পুলিশের পক্ষ থেকে এই আবেদন রাখা হয়েছে।

বিধাননগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিং বলেছেন,' অনেক বিদেশি অতিথি ও ফুটবলার এই উপলক্ষে এখানে আসছেন। ফিফার এদেশের সদর দফতর কলকাতায় হয়েছে। সল্টলেকের একটি পাঁচতারা হোটেলে ফিফার ৬০ জন প্রতিনিধি রয়েছেন। এছাড়াও সল্টলেকের অন্য একটি হোটেলে ৪৫ জন রেফারি ও ৮০ জন প্রশিক্ষণরত রেফারি থাকছেন। তাঁরা কলকাতা থেকেই অন্য রাজ্যে ম্যাচ পরিচালনা করতে যাবেন। তাই আমরা নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছু পরিকল্পনা নিয়েছি। দর্শকরা যাতে নির্বিঘ্নে খেলা দেখতে যেতে পারেন, তার জন্য আমরা সব রকম ব্যবস্থা করছি।'
পুলিশ সূত্রের জানানো হয়েছে, নিরাপত্তার কারণে দর্শকাসন কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। যুবভারতীতে ৬৬ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখবেন। অনেকটা ইডেনে আন্তর্জাতিক ম্যাচের ঢঙেই ম্যাচ শুরুর দু'ঘন্টা আগে খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট। যাতে ধীরে ধীরে মাঠে প্রবেশ করে দর্শকাসনে বসে পড়তে পারেন তাঁরা।












Click it and Unblock the Notifications