শেষ ষোলয় ওঠা নিশ্চিত করার লক্ষ্যে নিঝনি নভগোরদ স্টেডিয়ামে নামছে ইংল্যান্ড, প্রতিপক্ষ দুর্বল পানামা
বিশ্বকাপ ২০১৮: রবিবার নিঝনি নভগোরদ স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম পানামা ম্যাচের প্রিভিউ।
রবিবার দিনের প্রথম ম্যাচে শেষ ষোলয় ওঠা নিশ্চিত করার লক্ষ্যে নিঝনি নভগোরদ স্টেডিয়ামে নামছে ইংল্যান্ড। প্রতিপক্ষ বিশ্বকাপের মূলপর্বে এবারই অভিষেক ঘটানো দুর্বল পানামা। জয়ী হলেই নক আউট পর্ব নিশ্চিত হবে কোচ গ্যারেথ সাউথগেটের দলের। অন্যদিকে ভালো খেলে ফুটবলপ্রেমীদের মন জয় করাটাই পানামার লক্ষ্য।

প্রথম ম্যাচে তিউনিসিয়াকে হারিয়ে ভাল শুরু করেছে ইংল্যান্ড। যদিও তিউনিশিয়ার গোল শোধের পর বেশ চাপে পড়ে গিয়েছিল তারা। শেষ অবধি হ্যারি কেনের ইনজুরি টাইমের গোলে তিউনিশিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছিল ইংল্যান্ড। কালকের ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না ইংলিশরা। তারপর গ্রুপের শেষ ম্যাচে খেলতে হবে শক্তিশালী বেলজিয়ামের সঙ্গে।
কাল থাইয়ের ইনজুরির কারনে সম্ভবত খেলবেন না ডেলে আলি। তার সঙ্গে রহিম স্টার্লিংয়ের প্রথম একাদশে না খেলার গুঞ্জন রয়েছে।
শনিবার ইংল্যান্ড অনুশীলন থেকে প্রথম একাদশ ফাঁস হওয়ার খবর আসে। স্টার্লিং না খেললে তার পরিবর্তে মাঝমাঠ সামলানোর দায়িত্ব থাকবে রুবেন লফটাস-চিক'এর পায়ে। আর আক্রমণভাগে কেনের সঙ্গে থাকবেন মার্কাস রাশফোর্ড। রাশফোর্ডের ফেরাটা ইংলিশ শিবিরকে উজ্জীবিত করছে। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফরোয়ার্ডের অন্তর্ভূক্তিতে আক্রমণভাগে অধিনায়ক হ্যারি কেনও অনেকটা জায়গা নিয়ে খেলতে পারবেন বলে আশা তাদের।
পানামা বেলজিয়ামের বিপক্ষে ৩-০ গোলে হারলেও তাদের শক্তিশালী রক্ষণভাগ চিন্তায় রেখেছে ইংল্যান্ডকে। প্রথমার্ধে বেলজিয়াম পানামার রক্ষণ ভেদ করতে পারেনি। পানামার শারীরিক দক্ষতাকেও সমিহ করছে ইংল্যান্ড। পাশাপাশি, পানামা এই প্রথম বিশ্বকাপ খেলতে আসায় তারা প্রত্য়াশার চাপমুক্ত। তাই হঠাত পচা শামুকে যাতে পা না কাটে তা নিয়ে সতর্ক থাকছে তারা।
ব্রিটিশদের দাবি পানামাকে খাটো করে দেখার অবকাশ নেই। ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকার বলেছেন, 'পানামার খেলোয়াড়রা শারিরীক ভাবে বেশ শক্তিশালী। কিন্তু সব গুরুত্বপূর্ণ জায়গাতেই খেলার মতো দক্ষ খেলোয়াড় আমাদের আছে। যেকোন সময়ই আমরা গোল করতে পারি। বল নিজেদের নিয়ন্ত্রনে রাখতে পারলে ম্যাচ আমাদের দিকেই থাকবে।'












Click it and Unblock the Notifications