ISL 2023-24: বল পায়ে পুরোদমে অনুশীলন আনোয়ারের, গোয়া ম্যাচে প্রথম একাদশে জনি কাউকো?
হায়দরাবাদ ম্যাচে জয় অতীত। এবার মোহনবাগান এসজির মিশন এবার এফসি গোয়া ম্যাচ। প্রেম দিবসের সন্ধ্যায় মাণ্ডবীর তীরে গোয়ার মুখোমুখি হবে সবুজ মেরুন। লিগ টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে গোয়া। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৮, অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে মোহনবাগান এসজি। লিগের লড়াইয়ে উপরের দিকে উঠতে গেলে এই ম্যাচ থেকেও পুরো পয়েন্ট পেতে হবে সবুজ মেরুনকে।
সোমবার সকালে সল্টলেকের ট্রেনিং সেন্টারে অনুশীলন করে মোহনবাগান এসজি। বাগান সমর্থকদের জন্য সুখবর বল পায়ে অনুশীলন শুরু করে দিয়েছেন আনো য়ার আলি। বড় ম্যাচে চোট পেয়েছিলেন ফলে হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচে খেলতে পারেননি। সোমবার বল পায়ে মূল দলের সঙ্গে অনুশীলন করলেন আনোয়ার। কিন্তু গোয়া ম্যাচে তাঁকে খেলানো হবে কিনা তা নিয়ে এখনও ধোঁয়শা থাকছে।

গোয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে লিগ চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবতে নারাজ হাবাস। বরং নিজের পরিকল্পনাকে একটু অন্যভাবে সাজিয়েছেন স্প্যানিশ কোচ। সোমবার সাংবাদিক সম্মেলনে হাবাস বলেন, 'আমরা এখনই লিগ চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য হল প্রতিটি ম্যাচ জেতা। প্রতিটি ম্যাচ জিতলে আমরা এমনিতেই শীর্ষে পৌঁছে যাব। কিন্তু লিগ চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে খেলতে গেলে ফুটবলারদের উপর চাপ বাড়বে।'
গোয়া দলে রয়েছেন সবুজ মেরুনের প্রাক্তনী কার্ল ম্যাক। পুরানো দলের বিরুদ্ধে জ্বলে উঠতে চাইবেন কার্ল। ফলে সবুজ মেরুন ফুটবলারদের কাছে চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন কার্ল ম্যাক। এমনকি হাবাসের অধীনেলও খেলেছেন এই বিদেশি ফুটবলার। যদিও ব্যক্তিগত কাউকে নয় হাবাস গুরুত্ব দিচ্ছেন গোটা দলকেই।
সবুজ মেরুনের হেডস্যারের কথায়, 'কয়েক মরশুম আগে কার্ল আমার কোচিংয়ে খেলেছিল। বর্তমানে সে গোয়ার ফুটবলার। পেশাদার ফুটবলে এটা কোনও বিষয় নয়। আমরা প্রতিপক্ষের সব ফুটবলারকে সমানভাবে গুরুত্ব দিচ্ছি।'
হায়দরাবাদ ম্যাচে সবুজ মেরুন জার্সিতে প্রত্যাবর্তন হয়েছিল জনি কাউকোর। গোয়া ম্যাচে কী প্রথম একাদশে থাকবেন জনি? এই প্রশ্নের উত্তরে হাবাস বলেন, 'জনি প্রতিদিন উন্নতি করছে। যত খেলবে ততই আরও উন্নতি করবে। গোয়া ম্যাচে কীভাবে ওকে ব্যবহার করা হবে তা এখনই বলার মতো সময় আসেনি।'












Click it and Unblock the Notifications