Euro 2020 : টুর্নামেন্টের প্রবাহ নিয়ে অসন্তুষ্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা শোনাল কোন ভয়ের কথা?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা শোনাল কোন ভয়ের কথা?
গ্রুপ পর্ব ও শেষ ১৬ রাউন্ডের পর্ব চুকিয়ে কোয়ার্টার ফাইনালের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ইউরো কাপ। ইতিমধ্যে তিন বড় দলের বিদায়ে টুর্নামেন্টের জৌলুস যে কিছুটা কমেছে, তা মেনে নিচ্ছেন ফুটবল প্রেমীরা। তবে কী এবার নতুন চ্যাম্পিয়নের আবির্ভাব দেখবে এবারের ইউরো, বিশ্বের একাংশ যখন এহেন ভাবনায় মশগুল, তখন আশঙ্কার কথা শুনিয়ে মানুষকে অনেকটা সাবধান করার চেষ্টা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।

কী বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনা ভাইরাসের আবহে ইউরো কাপ চলছে জাঁকজমক ঢঙে। ইউরোপের বিভিন্ন দেশে ঘুরিয়ে ফিরিয়ে চলছে ম্যাচ। ম্যাচ চলাকালীন, আগে এবং পরে কোভিড ১৯ বিধি মেনে চলা হলেও, টুর্নামেন্টকে ঘিরে অতিমারীর সংক্রমণ বাড়তে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র তরফে আশঙ্কা প্র্রকাশ করা হয়েছে। সংস্থার আপৎকলীন অফিসার ক্যাথরিন স্মলউডের কথায়, কেবল স্টেডিয়ামের কড়াকড়ি কিংবা খেলোয়াড়দের জৈব সুরক্ষা বলয় দিয়ে পরিস্থিতি বিচার করলে ভুল করা হবে। অধিকাংশ ক্ষেত্রে ভিড়ে ঠাসা যানবাহনে চেপে মাঠে আসছেন ফুটবল প্রেমীরা। খেলার শেষের পর তাঁরা বাড়ি ফিরছেন একই ধরনের যানে। উত্তেজক টুর্নামেন্টকে ঘিরে বিভিন্ন দেশের পাব এবং সমতুল স্থানে মানুষের ভিড় বাড়ছে। মাঠ, পার্ক কিংবা রাস্তায় একসঙ্গে খেলা দেখার ক্ষেত্রে সামাজিক দূরত্ব সহ অন্যান্য বিধি মেনে চলা হচ্ছে না বলেই আশঙ্কিত হু। এমনকী খেলা চলার সময় স্টেডিয়ামে দর্শকদের মুখে মাস্ক না থাকাকেও বিপজ্জনক বলে আখ্যা দিচ্ছেন সংস্থার আপৎকলীন অফিসার ক্যাথরিন স্মলউড।

ইউরো কাপে করোনার থাবা
স্পেনের অধিনায়ক সার্জিও বুস্কেটস করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দলের হয়ে গ্রুপের প্রথম ম্যাচ খেলতে পারেননি। কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসায় টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন সুইডেন, রাশিয়া, স্কটল্যান্ড, স্লোভাকিয়ার একাধিক ফুটবলার। সবমিলিয়ে ইউরো কাপ চলাকালীন এবং শুরু হওয়ার আগে মোট ১০ ফুটবলার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা হু-র। সেই সঙ্গে একটা বড় সংখ্যক ফুটবল প্রেমীর ওপরও কোভিড ১৯-এর প্রভাব পড়তে পারে বলে মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনার আবহেও জমজমাট ইউরো
করোনা ভাইরাসের রক্তচক্ষু সত্ত্বেও বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই ইউরো কাপ চলছে। ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি এবং নেদারল্যান্ডসের মতো বড় দলগুলি বিদায় নিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপে, আতোয়ান গ্রিজম্যান, পল পগবা, থমাস মুলারদের মতো তারকা ফুটবলারদের টুর্নামেন্টের আগামী পর্বে চোখে হারাবেন ফুটবল প্রেমীরা। তা বলে চেক প্রজাতন্ত্র, ডেকমার্ক, ইউক্রেন, সুইৎজারল্যান্ডের মতো ছোট দলগুলির কৃতিত্বকেও ছোট করে দেখা হচ্ছে না।

ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল
শুক্রবার থেকেই ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল শুরু হতে চলেছে। প্রথম ম্যাচে সুইৎজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে খেলা। সেদিন ১২টা পেরিয়ে আরও আধা ঘণ্টা পর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ইতালিকর মুখোমুখি হবে বেলজিয়াম। দুটি ম্যাচই উপভোগ্য হবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications