Mohun Bagan SG: মাঠে নেমে পড়েছে চির প্রতিপক্ষ, কবে থেকে প্রাক মরশুম প্রস্তুতি শুরু হবে মোহনবাগান এসজির?
শুরু হয়ে গেছে কলকাতা লিগ। ইতিমধ্যেই ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এসজি মাঠেও নেমে পড়েছে। দুই প্রধানই দুটি করে ম্যাচও খেলে ফেলেছে। চলতি সপ্তাহে ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। অগাস্ট মাসের শুরুতেই হবে ডুরান্ড কাপ। কিন্ত এখনও অনুশীলনই শুরু করল না মোহনবাগান এসজির সিনিয়ার দল। কবে থেকে শুরু হবে আইএসএলের লিগ শিল্ড জয়ীদের প্রাক মরশুম প্রস্তুতি?
ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল সিনিয়ার দল। প্রাক মরশুম প্রস্তুতি শুরু হয়ে গেছে কার্লেস কুয়াদ্রাতের দলের। ক্লেইটন সিলভা সহ কয়েকজন বিদেশি ফুটবলাররা চলে এসেছেন কলকাতায়। কিন্তু মোহনবাগান এসজির অনুশীলন কবে শুরু হবে? জুনিয়র টিমই মূলত খেলছে কলকাতা লিগে। সিনিয়র দলের অনুশীলন কবে থেকে শুরু হবে সেটাই এখন মোহনবাগান সমর্থকদের কাছে সব থেকে বড় প্রশ্ন।

ডুরান্ড কাপের প্রথম দিকে মূলত কলকাতা লিগের দলকেই খেলাবে মোহনবাগান এসজি। ডার্বি থেকে সিনিয়ার ফুটবলারদের মাঠে নামাতে পারে সবুজ মেরুন। তাই প্রস্তুতি নিয়ে খুব একটা ভাবতে নারাজ গতবারের ডুরান্ড চ্যাম্পিয়নরা। ডুরান্ড কাপের ডার্বির আগে অন্তত তিন সপ্তাহ অনুশীলনের সুযোগ পাবেন ফুটবলাররা। ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ১৩৩ বছরের ঐতিহ্যশালী টুর্নামেন্ট। যার ফাইনাল হবে ৩১ আগস্ট। গত বছর শুধু গ্রুপ পর্বে নয়, ফাইনালেও ডার্বি দেখেছে ফুটবলপ্রেমী। এবারের মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ পড়েছে ১৮ আগস্ট।
আগামী ১৩ই জুলাই কলকাতা লিগের ডার্বি অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু কোন মাঠে ডার্বি হবে তা এখনও সরকারিভাবে মোহনবাগান এসজিকে জানাইনি আইএফএ। কলকাতা লিগে এবার একেবারেই জুনিয়র ফুটবলারদের খেলাচ্ছে সবুজ মেরুন তবে। লিগের ডার্বিতে দিপেন্দু বিশ্বাস, গ্লেন মার্টিন্সদের মতো কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে মাঠে নামাতে পারেন কোচ ডেগি কার্ডোজো।
ডার্বির পুলিশের অনুমতি পেয়ে গিয়েছে আইএফএ। যদিও এখনও পর্যন্ত রাজ্য সরকারের অনুমতি আসেনি। আইএফএ-র সচিব অনির্বাণ দত্তর আশা আগামী দু-এক দিনের মধ্যে তাও পেয়ে যাবেন। সোমবার থেকে বড় ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান এসজি।












Click it and Unblock the Notifications