Euro 2020: ইউরো অভিযান শুরুর আগেই ক্লাব কেরিয়ার নিয়ে ইঙ্গিত রোনাল্ডোর
আগামীকাল ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় হাঙ্গেরি ম্যাচ দিয়ে ইউরো কাপ অভিযান শুরু করবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। যদিও তার মধ্যেই সিআর সেভেনের ক্লাব ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। এমনকী সেই প্রসঙ্গ উঠে এল ইউরোর সাংবাদিক সম্মেলনেও।

ক্লাব ছাড়ার জল্পনা
মরশুমে প্রত্যাশিত সাফল্য না আসা-সহ কিছু কারণে অসন্তুষ্ট ৩৬ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুভেন্তাস ছেড়ে দিতে পারেন বলে জল্পনা চলছে অনেক দিন ধরেই। তার মধ্যেই তাঁকে নিতে আগ্রহ দেখিয়ে জোর টক্কর শুরু হচ্ছে দুই বড় ক্লাবের মধ্যে। প্যারিস সাঁ জারমাঁ বা পিএসজি নাকি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোথায় তিনি যাবেন সে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েও সুন্দরভাবে তা এড়িয়ে গেলেন পর্তুগাল অধিনায়ক। স্বাভাবিকভাবেই তাতে জল্পনা থামল না।

ভালোর জন্যই হবে
রোনাল্ডোকে প্রশ্ন করা হয়েছিল, ম্যান ইউ বা পিএসজি-তে যাওয়া নিয়ে যে জল্পনা চলছে তা তাঁর ইউরো প্রস্তুতিতে কোনও প্রভাব ফেলছে কিনা। রোনাল্ডো বলেন, অনেক বছর ধরে সেরা পর্যায়ে ফুটবল খেলছি। যদি আমার বয়স ১৮ বা ১৯ হতো, তাহলে হয়তো এতে আমাকে কয়েকটা নিদ্রাহীন রাত কাটাতে হতে পারত। কিন্তু আমার বয়স এখন ৩৬। এরপরই জল্পনা জিইয়ে রেখে রোনাল্ডো বলেন, জুভেন্তাসে থাকি বা অন্য কোনও ক্লাবে যাই যেটা হবে সেটা ভালোর জন্যই হবে।

ভাবনায় ইউরো
রোনাল্ডো আরও বলেন, এই মুহূর্তে ইউরো ছাড়া কিছু ভাবছি না। এটা আমার পঞ্চম ইউরো। তবে মনে হচ্ছে প্রথম ইউরো খেলতে নামছি। প্রথম থেকে শেষ অবধি ভালো ফুটবল খেলাই আমাদের লক্ষ্য। রোনাল্ডোকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁর বয়স যখন কম ছিল তখনকার তুলনায় এবারের দলের ফর্মে কতটা তফাত। রোনাল্ডোর জবাব, ব্যক্তিগতভাবে আমি বলতে পারি ৫ বা ১০ বছর আগে আমার বয়স কম ছিল। সব কিছু সঙ্গে মানিয়ে নেওয়াটাই আসল বিষয়। আমি আগের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। আর যদি কেউ দীর্ঘদিন খেলতে চায় তাঁর ক্ষেত্রে মানিয়ে নিতে পারাটাই গুরুত্বপূর্ণ। আমার কেরিয়ারে সব সময় সেটাই করে এসেছি।

গ্রুপ অব ডেথ
ইউরোতে পর্তুগাল যে গ্রুপে রয়েছে সেটিকে গ্রুপ অব ডেথ বলা হচ্ছে। পর্তুগাল ও হাঙ্গেরি ছাড়াও এই গ্রুপে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং জার্মানি। স্বাভাবিকভাবেই রোনাল্ডোদের ম্যাচের দিকে থাকবে সকলের নজর। নেশনস কাপ জেতার পর এবার ইউরো জিততে সিআর সেভেন যে কতটা মরিয়া সেটা তাঁর এদিনের সাংবাদিক সম্মেলনেই পরিষ্কার হয়ে গেল। ইউরোয় রোনাল্ডো ৬টি গোল করতে পারলে ভেঙে দেবেন আল দায়ির সর্বাধিক ১০৯টি আন্তর্জাতিক গোলের রেকর্ড। রোনাল্ডোর আন্তর্জাতিক গোলের সংখ্যা ১০৪।












Click it and Unblock the Notifications