ওয়াটফোর্ডকে হারিয়ে জয়ে ফিরল হটস্প্যার
ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়াটফোর্ডকে ২-০ গোলে হারিয়ে দিল টটেনহ্যাম হটস্প্যার। হ্যারি কেন এবং ডেল আলির জোড়া গোলে ওয়াটফোর্ডকে হারাল মরেসিও পচেতিনোর ছেলেরা।
অবশেষে জয়ের মুখ দেখল টটেনহ্যাম হটস্প্যার। সোমবার গভীর রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়াটফোর্ডকে ২-০ গোলে হারিয়ে দিল মরেসিও পচেতিনোর ছেলেরা। এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হারার পর টটেনহ্যাম কোচ জানিয়েছিলেন পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে তাঁর দল। আর কোচের সেই কথাই সত্যি প্রমাণ করলেন আলি-কেন জুটি।

টটেনহ্যামের এই জোড়া ফলার সমানেই কার্যত বিধ্বস্ত হতে হল ওয়াটফোর্ডকে। ঘরের মাঠে এ দিন প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে টটেনহ্যাম। যার ফল সরূপ ডেল আলির করা ১৬ মিনিটের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম।
ক্রিস্টিয়ান এরিকসনের বাড়ানো বল থেকে গোল করে যান আলি। ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যে গোল পেয়ে যাওয়ায় ওয়াটফোর্ডেকে আরও চেপে ধরে টটেনহ্যামের ফুটবলাররা। নিজেদের মধ্যে একাধিক পাস খেলে অ্যাওয়ে টিমকে মাঝে মাঝেই বিভ্রান্ত করে তোলেন হ্যারি কেন-ক্রিস্টিয়ান এরিকসানরা
তবে, ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেলেও প্রথমার্ধে গোলের ব্যবধান বাড়াতে পারেনি হটস্প্যার। প্রথমার্ধ শেষে খেলার ফল থাকে হটস্প্যারের পক্ষে ১-০।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখে হটস্প্যার। যার ফল দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে হ্যারি কেনের গোল। কেনের করা গোল থেকে লিড ডবল করে হটস্প্যার। ৯০ মিনিট পর্যন্ত দাপট দেখালেও গোল সংখ্য়া আর বাড়াতে পারেনি তারা।
ম্যাচ স্ট্যাটেস্টিক্সে নজর রাখলে বোঝা যায় কতটা নিয়ন্ত্রণ গোটা ম্যাচে রেখেছিলেন হটস্প্যারের ফুটবলাররা। বল পজিশনের ৬১ শতাংশই ছিল হ্যারি কেনদের দখলে, ৩৯ শতাংশ পজিশন ছিল অ্যাওয়ে টিম ওয়াটফোর্ডের। পাশপাশি গোলে শট নেওয়ার ক্ষেত্রেও এগিয়ে হটস্প্যার। ১০টি শট নেন কেন-আলিরা। যার মধ্যে ৩টি ছিল টার্গেটে। সেখানে ৮টি শট নেয় ওয়ার্টফোর্ড। টার্গেটে ছিল ৫টি। সমান সংখ্যক ফাউল করে দু'টি দলই। ১০টি করে ফাউল করে হটস্প্যার এবং ওয়াটফোর্ড।
ঘরের মাঠে জিতে চেলসিকে পাঁচ পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে লিগ টেবিলের প্রথম চারে জায়গা দৃঢ় করল হটস্প্যার। ৩৫ ম্যাচ শেষে হটস্প্যারের পয়েন্ট দাঁড়াল ৭১। ৩৬টি ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। ৩৫ ম্যাচ থেকে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমসংখ্যক ম্যাচ খেলে ৯৩ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি।












Click it and Unblock the Notifications