Copa America 2024: ১০ জনের উরুগুয়েকে হারাতে ব্যর্থ, কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় ব্রাজিলের
কোপা আমেরিকা থেকে বিদায় ব্রাজিলের, কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সাম্বাদের থামিয়ে কোপার সেমিফাইনালে চলে গেল উরুগুয়ে। নির্ধারিত সময় ফল ০-০ থাকার পর ম্যাচের ভাগ্য নির্ধারিত হল টাইব্রেকারে।
কার্ড সমস্যার জন্য ভিনিসিয়াস জুনিয়ার এই ম্যাচে খেলতে পারেননি। প্রথম থেকেই মাঠে ছিলেন তরুণ এনড্রিক। ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিলেন ব্রাজিল কোচ। বার বার উরুগুয়ের বক্সে প্রায় একা হয়ে যাচ্ছিলেন এনড্রিক। ফলে সে ভাবে গোলের সুযোগ তৈরি করতে পারছিলেন না ব্রাজিলের ফুটবলাররা।

প্রথম থেকেই উরুগুয়ে কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলতে শুরু করে। সেইসঙ্গে তাঁরা অনেক বেশি শারীরিক শক্তি প্রয়োগ করে ফুটবল খেলতে শুরু করে। ব্রাজিলের আক্রমণগুলি বক্সের বাইরেই রুখে দেওয়ার পরিকল্পনা করেছিল উরুগুয়ে শিবির।
গোটা ম্যাচে সেভাবে সুযোগ তৈরি করতে না পারলেও, উরগুয়ের দখলে বল যেতে দেননি রাফিনহারা। মূলত মাঝমাঠেই খেলা হল নির্ধারিত ৯০ মিনিটে।রক্ষণ সামলে আক্রমণের স্ট্র্যাটেজি ছিল দুই দলেরই। আর সেখানেই আটকে গিয়েছিল ব্রাজিল এবং উরুগুয়ের যাবতীয় জারিজুরি। ফলের খেলা হল অত্যন্ত নিন্মমানের। গোল তো নির্ধারিত সময়ে হলই না, উল্টে শুধুই সুযোগ নষ্টের প্রর্দশনী।
উরুগুয়ের নানডেজ লাল কার্ড দেখেন। ১০ জনের উরুগুয়েকে পেয়ে আক্রমণের ঝাঁজ কিছুটা বাড়ায় ব্রাজিল। তবু মার্সেলো বিয়েলসার ফুটবল কৌশলের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেনি তারা দেখা মিলল না সাম্বা ম্যাজিকের। গোটা দলের মধ্যে কম্বিনেশন ছিল ভীষণ নড়বড়ে। আর সেইসঙ্গে, পরিকল্পনাগত ত্রুটি এবং স্কিলের অভাব, সবমিলিয়ে চলতি কোপা থেকে বিদায় নিতে হল ব্রাজিলকে।
নির্ধারিত সময়ের শেষে খেলা গড়াল পেনাল্টি শুটে, কারণ চলতি কোপায় এক্সট্রা টাইমের নিয়ম নেই। টাইব্রেকারে প্রথম শট নেয় উরুগুয়ে। গোল করতে ভুল করেননি ভালভার্দে। ব্রাজিলের পক্ষে প্রথম শট নিতে আসেন মিলিটায়ো। তাঁর শট রুখে দেন উরুগুয়ের গোলরক্ষক রোসেট। তাতেই চাপে পড়ে যায় ব্রাজিল। শেষ পর্যন্ত ৪-২ ফলেই হারতে হল ব্রাজিলকে।
একঝাঁক তরুণ ফুটবলারকে নিয়ে এবাক কোপা আমেরিকাতে খেলতে নেমেছিল ব্রাজিল। গোটা বিশ্বজুড়ে থাকা সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু খালি হাতেই ফিরতে হল তাদের। ২০২২ সালের বিশ্বকাপের পর এবার কোপা আমেরিকার সেমিফাইনালেও পৌঁছাতে ব্যর্থ ব্রাজিল। বিশ্ব ফুটবলে ব্রাজিলিয়ানদের দাপট ক্রমশই ফিকে হচ্ছে?
অন্যম্যাচে পানামাকে ৫-০ গোলে হারিয়ে দিয়ে সেমিফাইনালে প্রবেশ করল কলম্বিয়া।












Click it and Unblock the Notifications