East Bengal: ১৫ দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে লাল-হলুদের নয়া বিনিয়োগকারী, বসুন্ধরার সঙ্গে কথা এগলো কত দূর?
১৫ দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে লাল-হলুদের নয়া বিনিয়োগকারী, বসুন্ধরার সঙ্গে কথা এগলো কত দূর?
সরকারি ভাবে গাঁঠছড়া ভেঙেছে শ্রীসিমেন্ট এবং ইস্টবেঙ্গলের। মঙ্গলবার চিঠি দিয়ে বিনোয়গকারী সংস্থার পক্ষ থেকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়। ইস্টবেঙ্গল থেকে শ্রীসিমেন্টস অধ্যায় মুছে যাওয়ার পর এ বার ভবিষ্যতের পরিকল্পনা কী হবে, কোন পথে এগোবে ক্লাব তা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ইস্টবেঙ্গলের সাবেক কর্তারা।

বুধবারের এই সাংবাদিক সম্মেলনে সদস্য-সমর্থকদের আশ্বস্ত করে ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার (নীতু) জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে ক্লাবের নয়া লগ্নিকারীর নাম পরিষ্কার হয়ে যাবে। এ দিনের সাংবাদিক সম্মেলনে নীতু ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি প্রণব দাশগুপ্ত, সচিব কল্যাণ মজুমদার এবং প্রাক্তন সহ-সচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত।
শ্রী সিমেন্টের সঙ্গে পাকাপাকি চুক্তি ছেদ হওয়ার পর ভারতীয় ফুটবল মহলের এখন একটাই প্রশ্ন আগামী মরসুমে কি দেখা যাবে ইস্টবেঙ্গলকে। ঐই প্রশ্নের উত্তরে সেই মুখ্যমন্ত্রীর স্মরণাপন্ন হওয়ার কথাই তুলে আনেন দেবব্রত সরকার। তিনি বলেন, "ইস্টবেঙ্গলের আইএসএল-এ খেলার বিষয়ে তিনি আগ্রহী, ফেব্রুয়ারি মাসেই ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে। আমার আইএসএল খেলবোই আগামী মরসুমে।"

এ দিন বসুন্ধরা গ্রুপের ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা হিসেবে যুক্ত হওয়ার সম্ভাবনার বিষয়েও মুখ খুলেছেন তিনি। নীতুর কথায়, "বসুন্ধরা গ্রুপ আমাদের সঙ্গে যুক্ত হলে ওরা মূল বিনিয়োগকারী হিসেবেই থাকবে।আমাদের মধ্যে পজিটিভ আলোচনা হয়েছে। অনেকদূর এগিয়েছে কথাবার্তা। একসঙ্গে কাজ করতে চাই শুধু ওদের কিছু অফিসিয়াল বিষয় আছে সেই কারণে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে আমাদের জানাবেন আমরা আপাতত অপেক্ষায় আছি ওরা কী জানায়! আশা করছি পনেরো দিনের মধ্যে ইনভেস্টর বিষয়ে একটা পজিটিভ কিছু খবর দিতে পারব।"
পাশাপাশি এ দিন মোট ১১ জন ফুটবলারের বকেয়া ২ কোটি ৫৮ লক্ষ টাকা মেটানোর প্রসঙ্গে শ্রী সিমেন্টের কোটেই বল ঠেলে দিলেন দেবব্রত সরকার। তিনি বলেছেন, "শ্রী সিমেন্টস অনেক টাকা খরচ করেছে, এই সামান্য কিছু টাকার জন্য নিজেদের নাম এবং ক্লাবের নাম তাঁরা আশা খারাপ করবেন না, এমনটাই আশা রাখি।" আপাতত দু-তিনজন বিনিয়োগকারীর সঙ্গে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন দেবব্রত। তিনি এ-ও জানিয়ে দিয়েছেন পুরো স্পোর্টিং রাইটস নয়, এবার শুধু ফুটবল স্বত্ত্বই বিনিয়োগকারীকে দেওয়া হবে। এখন দেখার কত দিনের মধ্যে নতুন বিনিযোগকারী নিশ্চিত করে নতুন মরসুমের দল গড়ার কাজে হাত দেয় ইস্টবেঙ্গল।












Click it and Unblock the Notifications