U-17 Derby Match: ছোটদের ডার্বিতে বড় জয় লাল হলুদের, পাঁচ গোলের লজ্জা এড়ালো মোহনবাগান এসজি
২০২৩ সালের ডুরান্ডের গ্রুপ পর্বের ডার্বি বাদ দিলে বিগত কয়েক মরসুম ধরেই বড় ম্যাচে দাপট দেখাচ্ছে মোহনবাগান এসজি। কিন্তু সিনিয়ার দল যেটা করতে পারিনি, সেটাই করে দেখাল ইস্টবেঙ্গলের যুবরা। সবুজ মেরুনের ডেরায় গিয়ে দাদাগিরি দেখাল লাল হলুদ। অনূর্ধ্ব ১৭ ইউথ লিগের ডার্বিতে শনিবার ইস্টবেঙ্গল ৪-০ গোলে হারাল মোহনবাগান এসজিকে।
অনূর্ধ্ব ১৭ ইউথ লিগের ডার্বিতে ইস্টবেঙ্গল প্রাধান্য দেখাল। ছোটদের ডার্বিতে হলেও এই ম্যাচ ঘিরে ময়দানে চড়ছিল উত্তেজনার পারদ। কিন্তু শনিবার দুপুরে মোহনবাগান মাঠে লাল হলুদের দাপট। ৪-০ গোলে বড় জয় পেল ইস্টবেঙ্গল। আরও একটি গোল করেছিল লাল-হলুদ। কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়। না হলে আরও একবার পাঁচ গোলের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হত সবুজ মেরুন জার্সিধারীদের।

দুই দলের কাছেই ডার্বি ছিল দ্বিতীয় ম্যাচ। ইউনাইটেড স্পোর্টসকে ০-১ গোলে হারিয়ে এদিনের ডার্বিতে নেমেছিল মোহনবাগান এসজি। অন্যদিকে মহমেডানকে হারায় ইস্টবেঙ্গলও। কিন্তু ঘরের মাঠে লাল হলুদের আক্রমণের সামনে কার্যত দিশেহারা হয়ে গেল বাস্তব রায়ের ছেলেরা। ইস্টবেঙ্গলের হয়ে গোলগুলি করেন গুনরাজ সিং গ্রেওয়াল, দিপু সর্দার, আলফ্রেড লালরিনপুইয়া, দেবজিৎ রায়।
কয়েক সপ্তাহ আগে কলকাতা লিগের বড় ম্যাচ হওয়ার কথা থাকলেও মোহনবাগান এসজি দল না নামানোয় সেই ম্যাচ ভেস্তে গিয়েছিল। ইয়ূথ লিগের বড় ম্যাচের দিকে নজর ছিল সবার। কিন্তু অল্প দিনের প্রস্তুতিতে ডার্বি খেলা নিয়ে চিন্তায় ছিলেন দুই দলের কোচই। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেল ঘরের মাঠেই কার্যত লজ্জার মুখে পড়তে হল মোহনবাগান এসজি।
ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যে গুরনাজ সিং পেনাল্টি থেকে এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। প্রথমার্ধে অবশ্য আর কোনও গোল হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই যেন ঝড় উঠল মোহনবাগান এসজির রক্ষণে। ৪৮ মিনিটে দ্বিতীয় গোলটি করলেন দীপু সর্দার, ৪৯ মিনিটে তৃতীয় গোল এল আলফ্রেডের কাছ থেকে। ৫১ মিনিটে ব্যবধান ৪-০ করলেন দেবজিৎ রায়।এরপর পাঁচ নম্বর গোলটিও দিয়েছিল লাল হলুদ। কিন্তু অফ সাইডের জন্য সেটি বাতিল হয়।












Click it and Unblock the Notifications