বিরোধীদের ইস্যু হাইজ্যাক, চিটফান্ডে আমানতকারীদের টাকা ফেরতের দাবিতে পথে তৃণমূল
বিরোধীদের আন্দোলনের ইস্যু ফের হাইজ্যাক করে নিল শাসক তৃণমূল। ভোঁতা হয়ে যেতে বসেছে বিরোধীদের আন্দেলনের মুখ।
কলকাতা, ৭ ফেব্রুয়ারি : বিরোধীদের আন্দোলনের ইস্যু ফের হাইজ্যাক করে নিল শাসক তৃণমূল। ভোঁতা হয়ে যেতে বসেছে বিরোধীদের আন্দেলনের মুখ। বুধবার থেকেই রাজ্যে আন্দেলনে নামছে তৃণমূল কংগ্রেস। চিটফাণ্ডের টাকা ফেরতের দাবিতে এই আন্দোলন তৃণমূল কংগ্রেস ঝড় তুলবে রাজ্যের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। বিরোধীরা যে ইস্যুতে লড়াইয়ের কথা ঘোষণা করেছিলেন আগেই, সেই ইস্যুতেই বাজিমাত করতে রাত পোহালেই পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস।
মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ঘোষণা করেন, চিটফান্ডে আমানতকারীদের টাকা অবিলম্বে ফেরতের দাবিতে লাগাতার আন্দোলন করবে তৃণমূল। বুধবার কলকাতায় মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যানারে বিক্ষোভ-কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্ব শহর কলকাতায় মিছল করবে তৃণমূল। এরই মধ্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও পথে নামবেন। শীঘ্রই সেই তারিখও জানিয়ে দেওয়া হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন কেন্দ্রীয় সরকারের দরবারে তুলে ধরতে চান। তিনি চান সংসদেও এই ইস্যু তুলে ধরতে। তিনি বলেন, একমাত্র তাঁর সরকারই সচেষ্ট হয়েছিল আমানতকারীদের টাকা ফেরত দিতে। ইতিমধ্যে ৩০০ কোটি টাকা ফেরতও দেওয়া হয়েছে। কিন্তু তারপর কেন্দ্রীয় সরকারের কোনও উদ্যোগ নেই। মানুষের পাশে দাঁড়ানোর কোনও প্রয়োজন অনুভব করে না কোনও সরকার।
উল্লেখ্য ইতিমধ্যেই রোজভ্যালি কাণ্ডে তৃণমূলের দুই সাংসদ গ্রেফতার হয়েছেন। লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিনেতা সাংসদ তাপস পাল পর্যন্ত। তারপরই ফের চিটফান্ড নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য তথা দেশ। বিরোধীরা দাবি তুলতে শুরু করে গ্রেফতার তো হচ্ছে, কিন্তু আমানতকারী টাকা ফেরতের কোনও উদ্যোগ নেই কেন?
এই প্রশ্ন যখন উঠতে শুরু করে দিয়েছে, বিরোধীরা চাইছে এই ইস্যুতেই তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলতে। তৃণমূল কংগ্রেস কাজে লাগাতে তৎপর হল এই সুযোগটাই। বিরোধীদের হাত থেকে চিটফান্ডে আমানতকারীদের টাকা ফেরানোর ইস্যু কেড়ে নিয়ে পাল্টা আন্দোলনের পথে নেমে পড়ল তৃণমূল। তাই বিরোধীদের আঙুল চোষা ছাড়া আর কোনও উপায় থাকল না। এভাবেই একটার পর একটা ইস্যু হাতছাড়া করে চলেছে বিরোধীরা।












Click it and Unblock the Notifications