Transfer news: মোহনবাগানকে টেক্কা দিয়ে রক্ষণের সেরা প্রতিভাকে দলে নিতে চলেছে মু্ম্বই
দল বদলে জোর টক্কর মোহনবাগান-মুম্বই সিটি এফসির। জেসন কামিন্স এবং অনিরুদ্ধ থাপার লড়াইয়ে বাণিজ্য নগরীর দলকে টেক্কা দিয়েছিল সবুজ মেরুন। তবে আকাশ মিশ্রকে সম্ভবত ছিনিয়ে নিতে চলেছে মুম্বই। ট্রান্সফার মার্কেটের খবর অনুসারে নিজামের শহর থেকে আকাশের গন্তব্য হতে চলেছে মু্ম্বই।
দল বদলের শুরু থেকেই হায়দরাবাদের ফুটবলারদের টার্গেট করে মোহনবাগান সুপার জায়ান্ট। গত মরসুমে হায়দরাবাদের জার্সিতে নজরকাড়া পারফরম্যান্স করেন প্রতিশ্রুতিমান এই ভারতীয় ফুটবলার। ফলে মোহনবাগানের দল গঠনের দায়িত্বে থাকা কর্তারা টার্গেট করেন আকাশকে। কিন্তু আকাশকে দলে নিতে অল আউট ঝাঁপায় লিগ শিল্ড বিজয়ী মুম্বইও।

আকাশ মিশ্রের জন্য ৩ কোটি টাকা ট্রান্সফার ফি দিতেও রাজি ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তবে মুম্বই সিটির প্রস্তাব হায়দরাবাদের কাছে আরও আকর্ষণীয় ছিল। প্রায় তিন কোটি টাকার ট্রান্সফার ফির সঙ্গেই হায়দরাবাদ সোয়াপ ডিলে মুম্বই থেকে নিচ্ছে ভিগনেশ দক্ষিণামূর্তিকে।

শেষ মরসুমে মানোলো মার্কুয়েজের হায়দরাবাদে অন্যতম সেরা অস্ত্র হয়ে উঠেছিলেন আকাশ। গত তিন মরসুমে ৬২ ম্যাচ খেলে ফেলেছেন উদীয়মান এই প্রতিভা। হায়দরাবাদ এফসির হয়ে গত মরসুমের আইএসএল-এ লেফট ব্যাক হিসাবে দারুণ খেলেছিলেন আকাশ।

সোমবার থেকে নতুন মরসুমের অনুশীলন শুরু করছে মোহনবাগান। আপাতত কলকাতা লিগের জন্য যুব দলের কোচিং করাবেন বাস্তব রায়।












Click it and Unblock the Notifications