ফিরে দেখা ২০২০ : বছর সেরা ৫ ফুটবল গুরু কারা, দেখে নিন এক নজরে
ফিরে দেখা ২০২০ : বছর সেরা ৫ ফুটবল গুরু কারা, দেখে নিন এক নজরে
২০২০ শেষ হল বলে। অতিমারীতে জর্জরিত এই বছরের বড় প্রাপ্তি, অচলাবস্থা কাটিয়ে বিশ্ব ফুটবলের স্বাভাবিক ছন্দে ফেরা। বিশ্বের সবকটি ফুটবল টুর্নামেন্ট চলছে আপন গতিতে প্রবাহমান। দলগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত। তার মধ্যে যে যে ক্লাব করোনা ভাইরাসের আবহে নিজেদের মেলে ধরতে সক্ষম হয়েছে, তাদের সাফল্যের কৃতিত্ব কোচদের দিতেই হবে। চলতি বছর এমনই পাঁচ সফল কোচকে চিনে নেওয়া যাক।

পাঁচে লোপেতেগী
স্প্যানিশ জায়ান্ট সেভিয়া ২০২০ সালের ইউরোপিয়ান লিগ খেতাব জিতেছে। এটি তাদের ষষ্ঠ খেতাব। গত মরসুমের লা লিগায় চতুর্থ স্থানে শেষ করে সেভিয়া। চলতি বছরের লা লিগা-তেও এখনও পর্যন্ত পঞ্চম স্থানে অবস্থান করছে দল। সেভিয়ার এই সাফল্যের জন্য কোচ জুলেন লোপেত্যাগী কৃতিত্ব দিচ্ছেন ফুটবল প্রেমী থেকে বিশেষজ্ঞরা।

চারে স্তেফানো পিয়োলি
গত এক দশক ধরে নিচের সারিতে থাকা মিলান ২০১৯-২০ মরসুমের সিরি এ-তে চতুর্থ স্থানে শেষ করে। টুর্নামেন্টের চলতি মরসুমে এখনও পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে রয়েছে ইতালিয় দল। মিলানের এই সাফল্যের জন্য কোচ স্তেফানো পিয়োলিকে অনায়াসে কৃতিত্ব দেওয়া যায়। ২০১৯ সালে দায়িত্ব নিয়ে তিনি মিলানের ভোল পাল্টে দেন।

তিনে গিয়ান পিয়েরো গাসপিরেনি
সিরি এ-তে জুভেন্তাস, মিলানকে নিয়মিত বেগ দিয়ে চলা আটালান্টার অস্তিত্ব একটা সময় বিপন্ন হয়ে গিয়েছিল। সেই অবস্থা থেকে সীমিত ক্ষমতা নিয়ে দলকে টেনে তোলেন আটালান্টার ৬২ বছরের কোচ গিয়ান পিয়েরো গাসপিরেনি।

দুইয়ে য়ুর্গ্যান ক্লপ
২০১৮-১৯ মরসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর থেকে কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠেছে লিভারপুল। ২০১৯-২০ মরসুমের প্রিমিয়ার লিগ হেলায় জেতেন রেড ডেভিলসরা। তিরিশ বছর পর এই খেতাব জয়ের কৃতিত্ব লিভারপুলের কোচ য়ুর্গ্যান ক্লপকে দিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞ। চলতি মরসুমের প্রিমিয়ার লিগেও শীর্ষ স্থানে অবস্থান করছে লিভারপুল।

শীর্ষে হান্স-ডাইটের ফ্লিক
অতিমারী পরিস্থিতিতে ২০১৯-২০ মরসুমের চ্যাম্পিয়ন্স লিগ ও বুন্দেসলিগা জিতেছে বায়ার্ন মিউনিখ। এই সাফল্যের জন্য কোচ হান্স-ডাইটের ফ্লিকের বিশেষ প্রশংসা প্রাপ্য।












Click it and Unblock the Notifications