শনিবার আই লিগের ঢাকে কাঠি, পাঞ্জাবে পালতোলা নৌকা-র জয়ই ভাবনা মোহন কোচ সঞ্জয়ের
শনিবার শুরু দেশের এক নম্বর লিগ। প্রথম ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ মিনার্ভা পাঞ্জাব।
না আর কোন দ্বিধা , দ্বন্দ্ব কিছুই নেই। শনিবারই আই লিগের কিক অফ। মিনার্ভা পাঞ্জাব বনাম মোহনবাগান ম্যাচ দিয়ে শুরু দেশের 'এক নম্বর লিগ'। নয়া দিল্লিতে আগেই হয়েছিল আই লিগের কার্টেন রেজার।

বিভিন্ন ঝামেলা, গন্ডগোল অতীত। শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে আই লিগ। প্রথম ম্যাচে অভিযান শুরু করবে গত মরশুমে আই লিগের রানার্স দল মোহনবাগান। প্রতিপক্ষ মিনার্ভা পাঞ্জাব। প্রথম ম্যাচে তিন পয়েন্টই ভাবনাতেই বুঁদ বাগান শিবির। ম্যাচ হবে পাঞ্জাবের গুরু নানক স্টেডিয়ামে। টানা চার মাসের যে ভারত সেরার লড়াই হবে তারই শুরুর ম্যাচ থেকেই ফোকাসড বাগান শিবির। গতবার একটুর জন্য আই লিগ হাতছাড়া হয়েছিল। রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল মোহনবাগানকে।
তাই আর এবার শুরু থেকেই ফোকাসড তারা। গত বার অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট খোয়ানোর খেসারত হিসেবে বাগানের আই লিগ ট্রফি হাতছাড়া হয়েছিল। ম্যাচের আগের দিন প্রায় ঘন্টা দেড়েক অনুশীলন সারে সবুজমেরুণ শিবির। গত বার এই মিনার্ভা পাঞ্জাবের বিরুদ্ধে কেঁদে কঁকিয়ে জয় পেয়েছিল সবুজমেরুণ। এদিন রোজকারের অনুশীলনের পর জোর দেওয়া হয় সেট পিসেও। কোচ সঞ্জয় সেন সম্ভবত সনি নর্ডি, ক্রোমা ওডিকাকে সামনে রেখেই আক্রমণ সাজাচ্ছে।
মিনার্ভার খেলার ধরণ বুঝে নিয়ে আক্রমণে যাওয়ার নির্দেশ দিয়েছেন মোহন কোচ। পঞ্চনদের তির থেকে তিন পয়েন্ট নিয়ে গঙ্গাপারে ফিরতে মরিয়া বাগান। সঞ্জয় সেন বলেছেন, 'আই লিগে যে দলগুলি খেলে তারা সকলেই ভারতের সেরা দল। ফলে প্রতিপক্ষ হিসেবে সকলেই শক্ত। ফলে প্রতিটা ম্যাচই জিতব এমনটা বলা যায় না। কিন্তু ভাগ্য সহায় হলে আমরা সব ম্যাচেই ভালো ফল করব এবং চ্যাম্পিয়নশিপ ঘরে তুলব।'












Click it and Unblock the Notifications