দুরন্ত হেনরি, দীর্ঘদিন পর কলকাতা লিগ জয়ের স্বপ্নে বুদ সবুজ-মেরুন সমর্থকেরা
কলকাতা লিগের জন্য যে বেশ ভাল মতোই তৈরি মোহনবাগান, তা বোঝা যাচ্ছে প্রতিটি প্রস্তুতি ম্যাচেই। আজ আরও একটি প্রস্তুতি ম্যাচে তালতলা দীপ্তিকে ২-১ গোলে হারিয়ে দিল মোহনবাগান।
মোহনবাগানের বিখ্যাত লন থেকে মোহনবাগান মাঠ, দু'টি জায়গার মধ্যে ফারাকটা মেটানো যায় খুব জোর পায়ে হেটে এক বা দেড় মিনিটে। কিন্তু এই এক বা দেড় মিনিটের ব্যবধানেই দু'টি ভিন্ন চিত্র ধরা পড়ছে প্রতিনিয়ত গঙ্গাপাড়ের ক্লাবে।

একদিকে যখন দুই গোষ্ঠীর ক্লাব দখলের লড়াইকে কেন্দ্র করে সরগড়মল ক্লাব তাঁবু, অন্য দিকে, সম্পূর্ণ সাজানো বাগানের প্রতিচ্ছবি সবুজ-মেরুনের খেলায়।
এখনও লিগ শুরু হতে নয় নয় করে বাকি দেড় সপ্তাহ, কিন্তু লিগে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে যে ফুটবল মোহনবাগান খেলছে, তাতে আশায় বুক বাঁধতেই পারেন মোহনবাগান সমর্থকেরা।
গত কয়েকটি প্রস্তুতি ম্যাচে পারফরম্যান্স দেখা গিয়েছিল মোহন ফুটবলারদের থেকে, সেই পারফরম্যান্স আজকেও তালতলা দীপ্তির বিরুদ্ধেও দেখাল মোহন ফুটবলাররা।
যদিও ভাল খেললেও জয়টা বেশ কষ্ট করেই ছিনিয়ে নিতে হয় মোহন ফুটবলারদের। তালতলা দীপ্তিকে প্রস্তুতি ম্যাচে ২-১ গোলে হারাল মোহনবাগান। প্রতি ম্যাচের মতো এই ম্যাচেও গোল পান মোহনবাগানের নয়া বিদেশি স্ট্রাইকার হেনরি কিসেকা। হেডে গোল করেন তিনি। প্রস্তুতি ম্যাচ হলেও এই ম্যাচে প্রতিদ্ব্ন্দ্বীতা ছিল চোখে পড়ার মতো।
হেনরির গোলে পাওয়া লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাগান। অভিষেক আম্বেদকরের আত্মঘাতী গোলে ম্যাচে সমতায় ফেরে তালতলা।
দ্বিতীয়ার্ধে মোহনবাগানের হয়ে জয়সূচক গোলটি করেন মেহতাব হোসেনের পরিবর্তে মাঠে নামা শিল্টন ডি'সিলভা।
প্রস্তুতি ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হওয়া কিছু সবুজ-মেরুন সমর্থক ম্যাচ শেষে বলেন, 'দলটাকে দেখে ভাল লাগছে। আশা করি এবার কলকাতা লিগ পাব আমরা। দীর্ঘ দিনের লিগ খরা এবার কাটবে।' লিগ জয়ের জন্য তাঁদের বাজি যে হেনরি, তাও এদিন জানাতে ভোলেননি সমর্থকেরা।
দল জিতলেও দলের খেলার আরও উন্নতি প্রয়োজন আছে বলে জানান বাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী। তিনি বলেন, 'এখনও বেশ কিছু জায়গায় আলগা ভাব রয়ে গিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব তা মেরামত করতে হবে। এখনও পুরোপুরি তৈরি হয়নি দল। সঠিক কম্বিনেশন তৈরি হতে আরও কটা প্রস্তুতি ম্যাচ লাগবে।'
পাশাপাশি মিনার্ভার তিন ফুটবলারের ট্রান্সফার ফি সংক্রান্ত সমস্যার বিষয়ে মুখ খুলে সঞ্জয় বলেন, 'আশা করি কয়েক দিনের মধ্যেই কেটে যাবে সমস্যা। কর্তাদের সঙ্গে এই নিয়ে কথা বলব।' ভিসার কারণে এখনও ডিকা শহরে আসতে পারেনি বলে জানান শঙ্করলাল।












Click it and Unblock the Notifications