চিকিৎসায় সাড়া দিচ্ছেন সুরজিৎ সেনগুপ্ত, আশার আলো দেখছেন অনুরাগীরা
চিকিৎসায় সারা দিচ্ছেন সুরজিৎ সেনগুপ্ত, যদিও বিপদ এখনও কাটেনি
কিছুটা হলেও স্বস্তির খবর গোটে দেশের ফুটবলপ্রেমীদের জন্য। আগের থেকে ভাল আছেন কিংবদন্তি ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। তবে পুরোপুরি সঙ্কট মুক্ত নন তিনি। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে প্রকাশ করা মেডিক্যাল বুলেটিনে ইঙ্গিত মিলেছে সুরজিৎ সেনগুপ্তের স্বাস্থ্যে উন্নতি হওয়ার।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে প্রকাশ করা মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, আইসিএউতে 'হাই ফ্লো নেসাল অক্সিজেন সাপোর্টে' রয়েছেন সুরজিৎ সেনগুপ্ত। এর ফলে তাঁর স্যাচুরেশন মাত্রা ৯৪-৯৮-এর মধ্যে ঘোরাফেরা করছে। পাশাপাশি রেমডিসিভিয়ার, স্টেরয়েড ইঞ্জেকশনও দেওয়া হচ্ছে তাঁকে। প্রয়োগ করা হয়েছে অ্যান্টিকোয়াগুলেন্টও। তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। অতীত দিনের দিকপাল এই ফুটবলারের জ্ঞান রয়েছে বলে জানা গিয়েছে। নিজের পরিবারের লোকজনকে চিনতে পারছেন, কথাও বলেছেন।
বুধবারের মেডিক্যাল বুলেটিনে তাঁকে বাইপাপ সাপোর্টে রাখার কথা জানানো হলেও বৃহস্পতিবার যে মেডিক্যাল বুলেটিন এসেছে তাতে বাইপাপ সাপোর্টের কোনও উল্লেখ করা হয়নি।
রবিবার রাত্রে মৃদু উপসর্গ নিয়ে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সুরজিৎ সেনগুপ্তকে। তাছাড়া কোমর্বিডিটি রয়েছে তাঁর। ২০১১ সালের অগস্ট মাসে চারটি স্টেন্ট বসানো হয়েছিল তাঁর হৃদযন্ত্রে। সুরজিৎ সেনগুপ্তর শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের প্রস্তাব মতো সুরজিৎ সেনগুপ্তর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। ডা: অজয় কৃষ্ণ সরকারের চিকিৎসাধীন রয়েছেন সুরজিৎ। কোভিড ছাড়াও হার্টের সমস্যা রয়েছে অতীত দিনের দিকপাল এই ফুটবলারের। কার্ডিওলজিস্ট, পালমনোলজিস্ট এবং ক্রিটিকাল কেয়ার কনসালট্যান্ট নিয়ে গঠিন হয়েছে এই মেডিক্যাল বোর্ড।












Click it and Unblock the Notifications