নেপালের বিরুদ্ধে পিছিয়ে পড়ে ড্র ভারতের, সুনীলদের হার বাঁচালেন পরিবর্ত অনিরুদ্ধ
সাফ চ্যাম্পিয়নশিপে নামার আগে প্রস্তুতি ম্যাচে ধাক্কা খেল সুনীল ছেত্রীর ভারত। গত ১৫ অগাস্ট থেকে কলকাতায় ফুটবলারদের নিয়ে শিবির শুরু করেন কোচ ইগর স্টিমাচ। কিন্তু এখনও যে প্রস্তুতিতে যথেষ্ট খামতি রয়েছে তা দেখিয়ে দিল ফিফা ক্রমতালিকায় ভারতের চেয়ে অনেক পিছিয়ে থাকা নেপাল। কাঠমান্ডুতে ভারত গিয়েছে নেপালের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে। আজ পিছিয়ে পড়ে ১-১ গোলে ম্যাচ ড্র রাখতে সক্ষম হল ভারত। পরের ম্যাচ রবিবার বিকেলে।

আজ নিয়ে ২০ বার ভারত ও নেপাল পরস্পরের মুখোমুখি হল। তার মধ্যে ১৩টি ম্যাচই জিতেছে ভারত। দুবার জিতেছে নেপাল। আজকের ম্যাচটি নিয়ে ড্র ১৫টি ম্যাচ। ভারত আজকের ম্যাচটি নিয়ে নেপালের বিরুদ্ধে গোল করল ৩৪টি, গোল হজম করতে হয়েছে ১০টি। ২০১৭ সালের ৬ জুন শেষবার ভারত ও নেপাল ফুটবলের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল। সন্দেশ ঝিঙ্গন ও জেজে লালপেখলুয়ার গোলে মুম্বই ফুটবল অ্যারেনার সেই ম্যাচে ভারত জিতেছিল। সন্দেশ বিদেশের ক্লাবে খেলতে গিয়েছেন। জেজেও এই ম্যাচে ছিলেন না। ২০১৫ সালে শেষবার কাঠমান্ডুতে নেপালের বিরুদ্ধে ভারত খেলেছিল ২০১৮ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের প্লে অফ। সেই ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছিল। আজও ভারত নেপালকে হারাতে পারল না। নেপালের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বেশি ৫টি গোল সুনীল ছেত্রীর। কিন্তু তিনি অনেক চেষ্টা চালিয়েও বল জালে জড়াতে ব্যর্থ, বরং সুযোগসন্ধানী অনিরুদ্ধ থাপা সুনীলের শট প্রতিহত হলে তারপরই গোল করে ভারতের মান বাঁচালেন।

দশরথ স্টেডিয়ামে ৩০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি ছিল। কিন্তু নেপালের পায়ে বল এলেই যে শব্দব্রহ্ম শোনা যাচ্ছিল মনে হতে থাকে পুরো স্টেডিয়ামই যেন ভর্তি। দর্শকদের এই সাপোর্ট তাতিয়ে দেয় নেপালকে। ভারতের কিছু আক্রমণ নেপালি রক্ষণে প্রতিহত হয়, নেপালও সুযোগ তৈরি করছিল। ৩৬ মিনিটে ভারত জঘন্য গোল হজম করে। সানা ব্যাক পাস করার সময় অঞ্জন বিস্তাকে খেয়াল করেননি। তাঁর এই ভুলেই গুরপ্রীতকে পরাস্ত করে গোল করে নেপালকে এগিয়ে দেন বিস্তা। ভারত বিশ্বের ১০৫তম দল, নেপাল রয়েছে ১৬৮-তে। সেই নেপালই ভারতের চেয়ে প্রথমার্ধে এগিয়ে ছিল। প্রথমার্ধে ইগর স্টিমাচের দল ছন্নছাড়া ফুটবল খেলে। বিপক্ষ গোলকিপার কিরণ লিম্বুকে একবারের জন্যও সমস্যায় ফেলতে পারেনি। আর সেই সঙ্গে জঘন্য গোল হজম।

দ্বিতীয়ার্ধে চারটি পরিবর্তন আনেন স্টিমাচ। ব্র্যান্ডন ও গ্ল্যানকে তুলে নামানো হয় অনিরুদ্ধ থাপা ও রহিম আলিকে। ভারতের হয়ে এই প্রথম ম্যাচ খেললেন বঙ্গসন্তান রহিম। আকাশ ও লিস্টনকে তুলে নামানো হয় শেরিটন ও সাহালকে। এই ম্যাচে শেরিটনেরও অভিষেক হল। এই পরিবর্তনের প্রভাব পড়ে ভারতের খেলায়। গোল শোধের মরিয়া চেষ্টাও লক্ষ্য করা যায়। ৬০ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরান অনিরুদ্ধ থাপা। সুনীলের প্রয়াস প্রতিহত হলে নেপালের ডিফেন্সকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। ৮৩ মিনিটের মাথায় ভারত এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়াও করে। এরপর ম্যাচে কোনও দলই আর গোল করতে পারেনি। পাঁচ দলের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু অক্টোবরের ৩ তারিখ থেকে। ভারত ছাড়াও রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপাল।












Click it and Unblock the Notifications