Sunil Chhetri: বিরুষ্কার পথেই সুনীল-সোনমও, ঘোষণা করলেন পুত্র সন্তানের নাম
গত ৩০ আগস্ট পুত্র সন্তানের বাবা হয়েছেন সুনীল। বেঙ্গালুরুর এক নার্সিংহোমে পুত্র সন্তানের জন্ম দেন সুনীলের স্ত্রী সোনম। এই খবরটি প্রকাশ্যে এনেছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের ছেলে সুনীল ছেত্রীর শ্যালক সাহেব ভট্টাচার্য। অবশেষে সরকারিভাবে পরিবারের নতুন সদস্যের আগমনের কথা ঘোষণা করলেন ভারত অধিনায়ক। সেই ঘোষণা করলেন পুত্র সন্তানের নামও।
ক্যাপ্টেন সুনীলের পরিবারে নতুন অতিথি এসেছে। তবে সন্তানের ছবি প্রকাশ্যে আনেননি অধিনায়ক। সমাজ মাধ্যমে নিজেদের অনুভূতির কথাই তুলে ধরেছেন ভারত অধিনায়ক।

ফেসবুক পোস্টে ক্যাপ্টেন লিখেছেন, ' আমাদের এই যাত্রাপথটা সহজ ছিল না। যতবার আমরা ভেবেছি যে আমরা নিজেদের মনের মতো খবর পাব, ততবার আমাদের অপেক্ষা করতে হয়েছে। তারপর আরও একটু অপেক্ষা করতে হয়েছে। কিন্তু আমাদের হৃদয় যে আস্থা-বিশ্বাস ছিল, সেটা কখনও নিঃশেষ হতে দিইনি। এটা ছিল অদম্য ধরনের বিষয় ছিল।'
পুত্রসন্তানের নামও অবশেষে ঘোষণা করেছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। ভারত অধিনায়ক লিখেছেন, 'সন্তানের নাম দেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় নিয়েছি আমরা। আর যখন ওর নাম আমরা ঠিক করেছি, তখন মনে হয়েছে যে বিশ্বের সঙ্গে পরিচয় দেওয়ার জন্য সেটাই সেরা নাম। আমাদের পুত্র সন্তানের নাম ধ্রুব।'এই নামের অর্থ ঈশ্বরের আশীর্বাদ ধন্য যুবরাজ। শিবেরও নাম এটি।
গত ১২ জুন আন্তঃমহাদেশীয় কাপে ভানুয়াটুর বিরুদ্ধে গোল করে বলটিকে জার্সির ভেতরে পুরে মুখে আঙুল দিয়ে দর্শকাসনের একটি বিশেষ অংশের দিকে ছুটে যান সুনীল। দেখা যায়, সে দিকে বসে রয়েছেন তাঁর স্ত্রী সোনম। স্ত্রীর উদ্দেশে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন সুনীল। পাল্টা সোনমও চুম্বন ছুড়ে দেন। তখনই আন্দাজ করা গিয়েছিল ব্যাপারটা।
ম্যাচ শেষে সুনীল ছেত্রী নিজেই ঘোষণা করেছিলেন পরিবারের নতুন সন্তান আগমনের খবর। অবশেষে গত ৩০ অগাস্ট ভারতীয় ফুটবলে আসে বিরাট সুখবর। পৃথিবীতে এলেন জুনিয়র ছেত্রী। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা যেমন তাঁদের কন্যা ভামিকার ছবি প্রথমে প্রকাশ করেননি। তেমনি সুনীলও সেই পথে হাঁটলেন বলে মনে করা হচ্ছে।
বর্তমানে বেঙ্গালুরুতে রয়েছেন ভারতের ফুটবল অধিনায়ক। তাঁর স্ত্রী সোনমও সেখানেই রয়েছেন। সন্তানের জন্মের সময় স্ত্রীয়ের পাশে থাকতে চেয়েছিলেন ভারত অধিনায়ক। সেই কারণে কিংস কাপে খেলতেও যাননি।এশিয়ান গেমসের দলে রয়েছেন সুনীল ছেত্রী। তবে কবে ভারতীয় শিবিরে যোগ দেবেন সুনীল তা এখনও স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications