Sunil Chhetri: ‘একটু ভেবে মন্তব্য করুন’, রোহিত-বিরাটদের পাশে দাঁড়িয়ে সমালোচকদের বার্তা সুনীল ছেত্রীর
ঘরের মাঠে টানা ১০ ম্যাচ জিতলেও ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। বিশ্বকাপ ফাইনালে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে টিম ইন্ডিয়াকে। গোটা টুর্নামেন্ট ভালো খেললেও ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হতে না পারায় সমালোচনা শুরু হয়েছে ভারতীয় দলকে নিয়ে। এই পরিস্থিতিতে বিরাট-রোহিতদের পাশে দাঁড়ালেন আরও এক ক্যাপ্টেন সুনীল ছেত্রী।
তিনি ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড। তাই ফাইনালে হারের যন্ত্রণা সুনীল ছেত্রীর থেকে বেশি কে আর বুঝবেন। ফাইনাল হারের পর যেভাবে সমালোচনা শুরু হয়েছে ভারতীয় দলকে নিয়ে। তাতে ব্যথীত সুনীলও। তাই সমর্থকদের কাছে আবেদন করলেন একটু ভেবে মন্তব্য বা সমালোচনা করার জন্য। সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করতে।

দেড় মাসের টান টান লড়াই শেষে ক্রিকেটের বিশ্বযুদ্ধ শেষ হয়েছে গত ১৯ নভেম্বর। ফাইনাল ম্যাচের পর কেটে গিয়েছে কয়েকটা দিন। কিন্তু বিশ্বকাপ ফাইনাবলের রেশ এখনও কাটছে না। এরই মধ্যে ভারতীয় দলের ফাইনাল ম্যাচে হারের পর মুখ খুলেছেন ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। একটি ক্রীড়া ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ভক্তদের কাছে বিশেষ অনুরোধও করেছেন ক্যাপ্টেন।
সুনীল ছেত্রী বলেন, 'প্রথমত আমি অন্য খেলার প্রতিনিধি, তাই এবিষয়ে আমার প্রতিক্রিয়া দেওয়টা সঠিক হবে না। একজন ক্রীড়াবিদ হিসাবে বুঝতে পারে এই সময় খেলোয়াড়রা কতটা সমস্যার মধ্য দিয়ে যান।এই সময় প্রত্যেকেরই ক্রীড়াবিদদের পাশে থাকা উচিত।'
একইসঙ্গে সুনীল ছেত্রী বলেন, 'আমরা সবাই কষ্ট ও হতাশা অনুভব করেছি, কিন্তু ফাইনালে খেলা এগারো জনের চেয়ে বেশি কেউ এটা অনুভব করতে পারব না। আমি আপনাকে বলতে পারি যে তারা যে ব্যথা অনুভব করেছে আর আমরা যেটা অনুভব করছি সেটা সম্পূর্ণ আলাদা। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তারা ব্যথা অনুভব করবে।'
এরপরই ভারতীয় ফুটবল দলের অধিনায়ক বলেছেন, ' এই কঠিন পরিস্থিতিতে আপনি যখন আপনি সোশ্যাল মিডিয়ায় হতাশার কথা বলবেন এবং কোনও মন্তব্য করবেন, তখন দ্বিতীয় বার একটু থেমে ভাবুন। ভারতীয় দল ১০টি ম্যাচে অসাধারণ ক্রিকেট খেলেছে। খেলার মাঠে এমন ঘটনা ঘটেই থাকে। এটা খুবই স্বাভাবিক।'
এই নিয়ে ছয়বার একদিনের বিশ্বকাপ জিতল অজিরা। ২০০৩ সালের পর আবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় দলকে। তৃতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থাকল ভারতের।












Click it and Unblock the Notifications