Durand Cup 2024: আরজি কর কাণ্ডের প্রভাব বড় ম্যাচেও! বাতিল হল রবিবাসরীয় ডুরান্ডের ডার্বি
আশঙ্কাই সত্যি হল। রবিবার বাতিল হল ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ। বড় ম্যাচ ঘিরে অনিশ্চয়তা চলছিলই। শনিবার দুপুরে রাজ্য প্রসাশনের সঙ্গে বৈঠকে বসে ডুরান্ড কাপ কমিটি। এই বৈঠকেই রবিবারের বড় ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তার অভাবের জন্যই বড় ম্যাচ বাতিল করা হচ্ছে।
রবিবাসরীয় ডার্বি হবে কিনা, তা নিয়ে চর্চা হচ্ছিল শুক্রবার থেকেই। শনিবার জানিয়ে দেওয়া হল বড় ম্যাচ হচ্ছে না রবিবার। বড় ম্যাচ না হওয়ার জন্য নিরাপত্তার কারণকেই দায়ী করা হয়েছে। মূলত আরজি কর কাণ্ডের জন্যই ডুরান্ড কাপের ডার্বি বাতিল করা হয়েছে। কারণ শহরের বিভিন্ন প্রান্তে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ফলে মাঠে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যাবে না।

কয়েকদিন আগেই আরজি করে মর্মান্তিক ঘটনা ঘটেছে। তার প্রভাব পড়েছে কলকাতা সহ গোটা রাজ্যেই। ডার্বিতে দুই প্রধানের সমর্থকদের জমায়েতে সেই প্রতিবাদ যে বাড়তি মাত্রা পেতে পারে। কারণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই পরিকল্পনার আভাস পাওয়া যাচ্ছিল। সেই প্রতিবাদের ভয়েই কি শেষ পর্যন্ত প্রশাসন ডার্বি করার ঝুঁকি নিল না? এই প্রশ্ন উঠছে। যদিও সরকারিভাবে ডুরান্ড কমিটি শুধু ডার্বি বাতিলের খবর জানিয়েছে।
ডার্বির আগে দুই দলেরই ডুরান্ড কাপে দুটি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছিল। দুই দলই দুটি করে ম্যাচ জিতে আছে। তবে বায়ুসেনার দলকে বড় ব্যবধানে হারিয়ে কিছুটা সুবিধানজনক স্থানে আছে মোহনবাগান এসজি। গোল পার্থক্যে তারা এগিয়ে আছে।বড় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় সবুজ মেরুন শেষ আটে জায়গা করে নিল।
শনিবার সকালে নির্ধারিত সময়ে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স শুরু হয়নি, তখন থেকেই জল্পনা শুরু হয়। অবশেষে দুপুরে এল সরকারি ঘোষণা। বড় ম্যাচের সমস্ত টিকিট আগেই বিক্রি হয়েছিল। সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার থেকেই ডার্বি ম্যাচ বাতিল নিয়ে আলোচনা চলছিল। এদিন জানা গিয়েছে, নতুন করে সেই ম্যাচ হবে না।
ডুরান্ড কমিটির পক্ষ থেকে ম্যাচ বাতিলের কথাই ঘোষণা করা হয়েছে। যারা টিকিট ইতিমধ্যেই কেটে ফেলেছেন তাদের টাকা কীভাবে ফেরৎ দেওয়া হবে সেই বিষয়ে একটা শব্দও খরচ করা হয়নি। ফলে ক্ষোভে ফুঁসছেন দুই প্রধানের সমর্থকরা।












Click it and Unblock the Notifications