সুব্রত পাল এটিকে মোহনবাগানে! আইএসএল ডার্বিতে প্রতিপক্ষকে সমীহ করেও জয়ের খোঁজে ফেরান্দো
আইএসএলের ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অপরাজেয় এটিকে মোহনবাগান। কাল ফতোরদায় জিতলে ফের পয়েন্ট তালিকার প্রথম চারে চলে আসবে সবুজ মেরুন। হেড কোচ হিসেবে প্রথমবার কলকাতা ডার্বিতে থাকবেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। এসসি ইস্টবেঙ্গলের হেড কোচ মারিও রিভেরাও স্প্যানিশ। দুই স্প্যানিশ কোচের টক্করে কে শেষ হাসি হাসবেন তা জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তবে দলের ফোকাস নিয়ে সচেতন ফেরান্দো।

ফোকাসড ফেরান্দো
আইএসএলের কলকাতা ডার্বি নিয়ে ফেরান্দো বলেন, এমন একটা বিশাল ম্যাচে অংশ নিতে পারার সুযোগ পাওয়াটা আমার কাছে বড় ব্যাপার, আমি খুশি। একইসঙ্গে আমাদের লক্ষ্য একই থাকবে, তিন পয়েন্ট অর্জন করা। নিজেদের খেলার কৌশলে, কয়েকটি জায়গায় উন্নতিসাধনও লক্ষ্য। ফোকাস যেন না নড়ে যায়, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আবেগের ম্যাচ হলেও ফোকাস নষ্ট করা যাবে না।

কৃষ্ণকে নিয়ে সংশয়
শনিবাসরীয় ডার্বিতে রয় কৃষ্ণ পুরো ৯০ মিনিট থাকতে পারবেন কিনা তা পরিষ্কার নয়। আগের ম্যাচে হাল্কা চোট লেগেছিল। ফেরান্দো বলেন, গত সপ্তাহে রয়ের কঠিন সময় চলছিল। কোভিড পরিস্থিতির কথা সবাই জানেন। সারাক্ষণ স্ত্রী ও সন্তানের সঙ্গে ঘরবন্দি হয়ে থাকতে হয়। তবে কৃষ্ণর উপর আমাদের আস্থা আছে। মাঠে নেমে নিজের একশো শতাংশ দেন। ড্রেসিং রুমকেও যথেষ্ট উজ্জীবিত রাখেন। ফলে তাঁকে দরকার। কিন্তু মাঝে মাঝে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের রক্ষণাবেক্ষণও জরুরি। কারণ, একটা ম্যাচে খেলিয়ে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে তিন-চার সপ্তাহের জন্য হারানোর কোনও মানে হয় না।
|
প্রতিপক্ষকে নিয়ে
এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে সমীহের সুর ধরা পড়েছে ফেরান্দোর গলায়। তিনি বলেন, এসসি ইস্টবেঙ্গল এখন অনেকটাই বদলে গিয়েছে। মরশুমের শুরুর দিকে ওরা যেমন ছিল, তার চেয়ে এখন অনেক আলাদা। ওদের গত তিন-চারটে ম্যাচে দেখছি ওরা এখন অনেক খোলা মনে নিজেদের মতো খেলতে পারছে। পুরো দলটাই এখন অনেক সংঘবদ্ধ। অনেকেই বলছিলেন, ওদের পারফরম্যান্স ভালো না, ওদের প্রস্তুতি নাকি ভালো হয়নি। কিন্তু ওরা যেভাবে এখন বিপক্ষকে চাপে রাখছে, তাতে আমার বিশ্বাস শেষ কয়েকটা ম্যাচ দেখে ওদের সমর্থকেরা নিশ্চয়ই খুশি হয়েছেন। শেষ দুটি ম্যাচে ছোট ছোট ভুলের জন্য এসসি ইস্টবেঙ্গল হেরেছে। ওদের বিদেশিরাও ভালো।
|
কঠিন সময় পেরিয়ে
ডার্বির প্রথম একাদশ খোলসা করেননি সবুজ মেরুনের হেড কোচ। তিনি বলেন, ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশিদের সকলেই খেলার জন্য প্রস্তুত। করোনা পরিস্থিতির এই কঠিন সময়ে কোচিং স্টাফদের কাজও কঠিন হয়ে উঠেছে এবং প্রত্যেককেই সমান পরিশ্রম করতে হচ্ছে। আমাদের দলের ডাক্তার থেকে শুরু করে ম্যাসিওর প্রত্যেকেই এত ভালো কাজ করেছেন বলে আমরা কঠিন সময় থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পেরেছি। সমর্থকদের আবেগ, অনুভূতি বুঝি। আমরা সেরাটাই দিতে চাই। আমাদের সময়টা যে ভালো যাচ্ছে না, তাও জানি। জৈব সুরক্ষা বলয়, দলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় ঠিকমতো অনুশীলন না করার প্রভাব পড়ছে পারফরম্যান্সে। কিছুটা ঘাটতি য়েছে। কিন্তু এখন আমরা সব ভুলে গিয়ে মাঠে নামতে চাই। আশা করি, কাল তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ব।
|
মিষ্টু মোহনবাগানে
হায়দরাবাদ এফসি থেকে লোনে সুব্রত পালকে দলে নেওয়ার কথা আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এটিকে মোহনবাগান। ফেরান্দো বলেন, তিন পয়েন্ট পাওয়ার পর মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি শুরু করব। আমার স্বপ্ন লিগ জেতা। এই ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যাওয়াটাই আমার স্বপ্ন। তাই এই ম্যাচে জেতার পরে আমাকে মুম্বই ম্যাচ জেতারও প্রস্তুতি নিতে হবে। কারণ, এটাই আমার কাজ, এটাই আমার লক্ষ্য। আশা করি, আমাদের সমর্থকেরা শনিবার রাতে খুব হৈ-হুল্লোড় করবেন।
ছবি- এটিকে মোহনবাগান












Click it and Unblock the Notifications