Euro Cup 2024: লা মাসিয়া অ্যাকাডেমি থেকে স্পেনের জার্সিতে অনন্য নজির, তরুণ ইয়ামালের জীবন যেন রূপকথা
লামিনে ইয়ামাল, ইউরো কাপে নতুন নজির সৃষ্টি করেছেন স্পেনের এই তরুণ। ইউরো কাপের প্রথম ম্যাচেই গড়ে ফেলেছেন নজির। মাঠে নেমেই রেকর্ডের মালিক হয়েছেন ইয়ামাল। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে মাত্র ১৬ বছর ৩৩৮ দিন বয়সেই ইউরো কাপে অভিষেক হল তাঁর।ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশে মাঠে নেমেই প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ ফুটবলারের তকমা পেয়ে গেলেন বার্সেলোনার এই কিশোর উইঙ্গার।
ইউরোর ৬৪ বছরের ইতিহাসে অভিষেক হওয়া সবচেয়ে কম বয়সী ফুটবলার এখন ইয়ামাল। বিশ্ব ফুটবলে বার্সার এই প্রতিভাবান উইঙ্গারের উত্থান অবশ্য রূপকথার মতো ছিল। স্প্যানিশ ফুটবলের অন্যতম গুরুকুল লা মাসিয়া অ্যাকাডেমি থেকে স্পেনের জাতীয় দলের জার্সি, ইয়ামালের কেরিয়ার যে কোনও তরুণ ক্রীড়াবিদকে অনুপ্রেরণা দেবে।

স্প্যানিশ তরুণ তুর্কি ইয়ামালের সাত বছর বয়সেই ফুটবলে হাতেখড়ি হয়। বার্সেলোনার যুব অ্যাকাডেমি, লা মাসিয়ায় যেখান থেকে মেসির উত্থান সেখানেই ফুটবল শেখা শুরু করেন ইয়ামাল। অল্প বয়সেই তাঁর প্রতিভা মুগ্ধ করে কোচদের। ২০২৩ সালে জায়গা করে নেন বার্সেলোনার মূল দলে। সে বছরই দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ১৫ বছর বয়সে।
২০২৩-২৪ মরশুমে বার্সেলোনার হয়ে মাত্র ১৫ বছর বয়সে অভিষেক করার পর, তিনি দ্রুত স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের নজরে আসেন।ইউরো কাপের আগে পর্যন্ত স্পেনের হয়ে সাতটি ম্যাচ খেলে ২টি গোল করেছেন ইয়ামাল। গত মরশুমে বার্সার হয়ে অসাধারণ পারফরম্যান্স উপহার দেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে ৭ গোলের সঙ্গে ১০ অ্যাসিস্ট করেন তিনি। ফুটবল দুনিয়ার নজর কেড়ে স্পেন জাতীয় দলে ঠাঁই পেতে সময় লাগেনি তার।
ইয়ামাল গত বছর সেপ্টেম্বরে জর্জিয়ার বিপক্ষে একটি ইউরো ২০২৪ কোয়ালিফায়ারে তার আন্তর্জাতিক অভিষেক করেন, যেখানে তিনি স্পেনের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় এবং গোলদাতা হন। এবার ইউরো কাপেও গড়লেন নয়া নজির।
এখনও স্কুলের পড়াশুনা শেষ হয়নি ইয়ামালের, ফলে খেলার সঙ্গে পড়াশুনাতেও মন দিতে হচ্ছে তাঁকে। ইউরো টুর্নামেন্টের মধ্যেই যেন ফাইনাল পরীক্ষার জন্য পড়তে পারেন সেজন্য বই-খাতা সঙ্গে নিয়ে এসেছেন। ইউরো কাপ খেলার মধ্যেই পড়ালেখা করবেন তিনি।
ইউরোপের ফুটবল শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় সবচেয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে প্রথমবার খেলার রেকর্ড এতদিন ছিল ক্যাসপার কোজলোভস্কির। ২০২১ সালে অনুষ্ঠিত সবশেষ আসরে অভিষেকের সময় পোল্যান্ডের এই মিডফিল্ডারের বয়স ছিল ১৭ বছর ২৪৬ দিন।












Click it and Unblock the Notifications