Sourav Ganguly: আর্সেনাল-ম্যান ইউ ম্যাচে মজে মহারাজ, সঙ্গী সানা-ডোনাও, দেখুন ছবি
রবিবার কলকাতা মজেছিল ডুরান্ড কাপের ফাইনাল ডার্বিতে। প্রিন্স অফ ক্যালকাটাও ফুটবলের উত্তাপ উপভোগ করলেন, তবে নিজের শহরে নয় বিদেশে। কন্যা সানার কলেজের সমাবর্তনে যোগ দিতে ইংল্যান্ডে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ছিল আর্সেনাল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলা। হাইভোল্টেজ এই ম্যাচে সাক্ষী থাকলেন মহারাজ।
বরাবরই ফুটবলের প্রতি দাদার আলাদা ভালোবাসা রয়েছে। সুযোগ পেলেই ফুটবল মাঠের ভিআইপি বক্সে হাজির হন প্রাক্তন ভারত অধিনায়ক। ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখতে ছুটে যান রাশিয়া থেকে কাতার। বিদেশে গিয়েও তাঁর ব্যতিক্রম হল না। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচে স্ত্রী-কন্যাকে নিয়েই উপভোগ করলেন দাদা।

সমাজ মাধ্যমে সৌরভ এবং ডোনা ম্যাচ দেখার একাধিক ছবি পোস্ট করেছেন। সেখানে ম্যাচ দেখার মুহূর্ত সমাজ মাধ্যমের ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি।
মহারাজের শেয়ার করা পোস্টের প্রথম ছবিতে দেখা গেল তিনি দাঁড়িয়ে রয়েছেন এমিরেটস স্টেডিয়ামের বাইরে। পরনে জলপাই রঙের টি-শার্ট, হাফ হাতা পাফার জ্যাকেট ও গাঢ় নীল রঙের ট্র্যাক প্যান্ট। পরের ছবিতে সানা আর সৌরভ। ঠিক তার পরের ছবিতেই মেয়ে আর বরের পাশে ছবির জন্য পোজ দিয়েছেন ডোনা।

মাঠের ভিতরের ছোট্ট একটা ভিডিও তুলে ধরেছেন সৌরভ। যখন আর্সেনালের ফুটবলাররা মেতেছিলেন জয়ের আনন্দে। মেয়ে সদ্য অর্থনীতিতে স্নাতক হয়েছে। ফলে খুশিরই সময় সৌরভ-ডোনার। তাই ফুটবলের আনন্দেই পরিবারের সঙ্গে খুশির মুহূর্তটা ভাগ করে নিলেন বড়িশার বাঁ হাতি। সৌরভ- সানার মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল তাঁরা কতটা আনন্দের সঙ্গে ম্যাচটা উপভোগ করছেন।

এই ম্যাচে ম্যান ইউকে ৩-১ হারাল গানার্সরা। যদিও ম্যাচের শুরুটা দুরন্তভাবেই করেছিল রেড ডেভিলসরা। র্যা শফোর্ড গোল করে এগি্য়ে দেন ম্যান ইউকে। পরের মিনিটেই গোল শোধ করেন মার্টিন। ম্যাচের অতিরিক্ত সময়ে রাইস এবং গ্যাব্রিয়েল জেসুস গোল করে আর্সেনালের জয় নিশ্চিত করেন।
প্রসঙ্গত, সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়ের একমাত্র কন্যা সানা লন্ডন গ্লোবাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক হলেন। আগামী ৬ সেপ্টেম্বর ইউসিএল-এ কনভোকেশন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কয়েকদিন আগেই লন্ডন উড়ে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক, সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রীও। শোনা যাচ্ছে প্রায় তিন সপ্তাহের জন্য ইংল্যান্ডে থাকবেন মহারাজ। ২৩ কিংবা ২৪ সেপ্টেম্বর কলকাতায় ফিরতে পারেন সৌরভ।












Click it and Unblock the Notifications