নতুন অধিনায়কের নেতৃত্বে ইউরোয় খেলবে স্পেন, চোট সমস্যায় নেই রামোস
আসন্ন ইউরো কাপের জন্য ২৪ সদস্যের স্পেন দল ঘোষণা করা হলো আজ। চোটের কারণে এই দলে জায়গা পেলেন না স্প্যানিশ তারকা তথা দলের অধিনায়ক সের্হিও রামোস। তার ফলে ইউরোতে স্পেনকে নেতৃত্ব দেবেন সের্হিও বুস্কেৎস।

স্পেনের কোচ লুইস এনরিকে জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের অধিনায়ক রামোস মরশুমের দ্বিতীয় ভাগের বেশি সময়ই খেলতে পারেননি। ৩৫ বছরের রামোসকে কখনও ভুগিয়েছে পেশির চোট, কখনও আবার হাঁটুর চোটের কারণে অস্ত্রোপচার জরুরি হয়ে পড়েছে। এই কারণেই তাঁকে ইউরোর দলে রাখা সম্ভব হলো না। রামোসের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়ে কোচ বলেন, এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। যদিও চোট সারিয়ে পরে রামোস ক্লাব ও দেশের হয়ে খেলতে পারবেন বলে আশাবাদী এনরিকে।

চোট, করোনায় আক্রান্ত হয়ে সদ্যসমাপ্ত মরশুমে রিয়ালের হয়ে ৩৫টি ম্যাচ খেলতে পারেননি রামোস। গত জানুয়ারিতে তাঁর হাঁটুতে অপারেশন হয়েছে। ২০২০ সালে রিয়ালের হয়ে দুটি ম্যাচ খেলেছেন, এমনকী লা লিগার শেষ ম্যাচেও তাঁকে বেঞ্চেই রাখেন কোচ জিনেদিন জিদান। ২০০৪ সালের ইউরো থেকে ধরে দেশের হয়ে কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট মিস করেননি রামোস। তবে এবারের ইউরোতে খেলতে না পারায় একটি অনন্য রেকর্ড গড়াও সম্ভব হলো না রামোসের। দেশের হয়ে সবচেয়ে বেশি খেলার ইউরোপীয় রেকর্ডটি নিজের দখলে রেখেছেন রামোস, ১৮০টি ম্যাচ খেলে। বিশ্বরেকর্ডটি অবশ্য রয়েছে মিশরের আহমেদ হাসানের। আর পাঁচটি ম্যাচ দেশের হয়ে খেললেই রামোস সেই রেকর্ডটি ভেঙে দেবেন, যার হাতছানি ছিল এবারের ইউরোতেই।

স্পেন দলে রিয়াল মাদ্রিদের কোনও ফুটবলারই সুযোগ পাননি। বার্সেলোনার ১৮ বছর বয়সি মিডফিল্ডার পেদ্রিকে দলে রাখা হয়েছে। রামোসের অনুপস্থিতিতে দলের অধিনায়ক করা হয়েছে বার্সেলোনার সের্হিও বুস্কেৎসকে। ফ্রান্সের নাগরিকত্ব ছেড়ে স্পেনের নাগরিকত্ব পাওয়ার পর ইউরোতে স্পেনের হয়ে খেলতে দেখা যাবে ম্যাঞ্চেস্টার সিটির এমেরিক লাপোর্তেকে। গ্রুপ ই-তে সুইডেন, পোল্যান্ড ও স্লোভাকিয়ার সঙ্গে রয়েছে স্পেন। সব কটি ম্যাচই হবে সেভিয়া শহরে। ১৪ জুন স্পেন অভিযান শুরু করবে সুইডেন ম্যাচ দিয়ে। তার আগে ৪ জুন পর্তুগাল ও ৮ জুন লিথুয়ানিয়ার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন।












Click it and Unblock the Notifications