Copa America 2024: কোপা শুরুর ঠিক আগেই বসানো হয়েছে ঘাস! জয়ের পরও মাঠ নিয়ে আর্জেন্তিনার চরম অসন্তোষ
Copa America 2024: কোপা আমেরিকার আসর বসেছে মার্কিন মুলুকে। কানাডার বিরুদ্ধে ২-০ গোলে জয় দিয়ে অভিযান শুরু করল সর্বশেষ সংস্করণের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা।
যদিও জয়ের পরও চরম অসন্তোষ আর্জেন্তিনা শিবিরে। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের মাঠের অবস্থা নিয়েই চরম অসন্তোষ।
এনএফএল ও মেজর লিগ সকারে এই স্টেডিয়াম ব্যবহৃত হয়। এনএফএলে এটি আটলান্টা ফ্যালকন্সের ঘরের মাঠ। মেজর লিগ সকারে এখানেই হোম ম্যাচগুলি খেলে আটলান্টা ইউনাইটেড। গত ১৫ জুন তারা এখানে খেলেছে। তারপরই মাঠের সারফেস বদল হয়েছে।
কৃত্রিম টার্ফ সরিয়ে এখানে লাগানো হয়েছে ঘাস। তাতেই বিপত্তি। এত অল্প সময়ে মাঠের চরিত্র বদলে বড় ধরনের অঘটন ঘটতে পারতো বলে আশঙ্কা আর্জেন্তিনার। জুলিয়ান আলভারেজ ও লৌতারো মার্তিনেজের গোলে স্বস্তির জয় এসেছে। যদিও কোপা আমেরিকার পরিকাঠামো চিন্তায় রাখছে বিশ্বচ্যাম্পিয়নদের।
কোপা আমেরিকা খেতাব দখলে রাখার লক্ষ্যে নেমেছে আর্জেন্তিনা। আর্জেন্তিনা-কানাডা ম্যাচ চলাকালীন দেখা গিয়েছে ঘাস উঠে আসছে। ফলে চোট-আঘাতের আশঙ্কাও থাকছে। সম্ভব হচ্ছে না সেরা ফুটবল উপহার দেওয়া। এখানে দলের খেলা দেখে ২০২২ সালের বিশ্বকাপের কথা মনে পড়ছিল আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনির।
স্কালোনি সাফ বলেছেন, প্রথমে মনে পড়ছিল বিশ্বকাপে সৌদি আরব ম্য়াচের কথা। তবুও সেখানে মাঠের অবস্থা এর চেয়ে তুলনায় ভালো ছিল। বলতে দ্বিধা নেই, কপাল ভালো বলেই কানাডা ম্যাচে জিতেছি। না হলে এখনকার কথাগুলি অজুহাত বলেই মনে হতো।
স্কালোনি জানান, আমেরিকায় কোন ধরনের মাঠে খেলা হবে তা জেনে নিয়েই বিগত সাত মাস ধরে অনুশীলন করেছে আর্জেন্তিনা। কিন্তু দু-দিন আগে বদলানো হলো টার্ফ! এটা মোটেই ভালো নয়। স্টেডিয়াম যথেষ্ট ভালো। কোনও অজুহাত দিতে চাই না। কিন্তু সিন্থেটিক টার্ফ থাকলে দারুণ ব্যাপার হতো। যে ধরনের ঘাসের মাঠ করা হয়েছে তা আমাদের প্লেয়ারদের পক্ষে উপযোগী নয়।
গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ এক সাক্ষাৎকারে বলেন, কানাডা যথেষ্ট শক্তিশালী। ভালো মানের ফরওয়ার্ড রয়েছেন। তবে মাঠের শোচনীয় অবস্থাই আমাদের কাজটা কিছুটা কঠিন করে দিয়েছিল। ফলে পরিকাঠামোগত দিক দিয়ে উন্নতি প্রয়োজন। নয়তো কোপা আমেরিকা ইউরোর নীচেই থাকবে।
কোপা আমেরিকায় ৩৫তম ম্যাচ খেলে রেকর্ড গড়লেন লিওনেল মেসি, পিছনে ফেললেন সের্হিও লিভিংস্টোনের নজির। মেসি গোল করালেও নিজে গোল পাননি। আর্জেন্তিনার অধিনায়ক এক সাক্ষাৎকারে বলেন, আমরা জানতাম এই ম্যাচটি কঠিন হবে। কানাডাকে হারানো সহজ হবে না। ফিজিক্যাল ফুটবল খেলে কানাডা। প্রথমার্ধে তেমন জায়গা করাই যাচ্ছিল না। ফিজিক্যাল লড়াই চলছিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি।













Click it and Unblock the Notifications