রেনেডির পরিবর্তে লাল-হলুদে নতুন স্প্যানিশ সহকারী কোচ
রেনেডির পরিবর্তে লাল-হলুদে নতুন স্প্যানিশ সহকারী কোচ
মারিও রিভেরা এসসি ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পর ব্যক্তিগত কারণে লাল-হলুদে চুক্তি থাকা স্বত্ত্বেও দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রেনেডি সিং। তাঁর ফাঁকা জায়গা ভরাট করতে এসসি ইস্টবেঙ্গল সই করিয়েছেন স্প্যানিশ কোচ ভিক্টোর হেরেরো ফরর্সেড।

স্প্যানিশ প্রশিক্ষক মূলত পরিচিত পুলগা নামে। কোচিং-এর পাশাপাশি আইএসএল-এ খেলার অভিজ্ঞতা রয়েছে পুলগার। ২০১৪ সালে আইএসএল-এর উদ্বোধনী সংস্করণে কেরল ব্লাস্টার্সকে ফাইনালে পৌঁছতে সাহায্য করেছিলেন পুলগা। ২০১৯-২০ মরসুমে জামশেদপুর এফসি'র সাপোর্ট স্টাফ হিসেবে যুক্ত ছিলেন পুলগা।
লাল-হলুদের চুক্তিপত্রে সই করে পুলগা বলেছেন, "এসসি ইস্টবেঙ্গলে সই করে আমি খুশি। ভারতে আসতে পারাটা সব সময়েই আনন্দের। এই লিগ এবং দেশকে ভাল মতো জানি আমি। আমার মধ্যে যথেষ্ট প্রাণশক্তি রয়েছে। আমি দলকে এবং ক্লাবকে তারা যে ভাবে চায় সেই ভাবে সাহায্য করার চেষ্টা করব।"
সোমবার ভাস্কোর তিলক ময়দানে ওড়িশা এফসি'র মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ক্লাব। লিগের প্রথম লেগের ম্যাচে ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল ম্যাচে গোলের ফোয়ারা ছুটেছিল। সেই ম্যাচে মোট দশ গোল হয়েছিল। সেই ম্যাচে চার গোল করেছিল এসসি ইস্টবেঙ্গল। অপর দিকে, ওড়িশা এফসি সেই ম্যাচে করেছিল ছয়টি গোল। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেছিলেন ড্যানিয়েল চিমা চুকু। ওড়িশার হয়ে দু'টি করে গোল করেছিলেন হেক্টর রোডাস এবং আরিডাল কাবরিরা।
চলতি লিগে দশম স্থানে রয়েছে লাল-হলুদ। ১৫ ম্যাচে মশালধারীদের সংগৃহীত পয়েন্ট ১০। এই ম্যাচে জিততে পারলে পয়েন্ট বাড়লেও পজিশনে কোনও উন্নতি হবে না এসসি ইস্টবেঙ্গলের। নবম স্থানে থাকা এফসি গোয়ার সংগ্রহ ১৫।












Click it and Unblock the Notifications