এসসি ইস্টবেঙ্গলে সমাপ্ত ম্যানুয়েল দিয়াজ অধ্যায়
দীর্ঘ আলোচনার পর এসসি ইস্টবেঙ্গল কোচের পদ থেকে সরে দাঁড়াতে রাজি হলেন স্প্যানিশ কোচ ম্যানুয়েল দিয়াজ। হায়দরাবাদ ম্যাচের পরেই তাঁর সঙ্গে আলোচনায় বসার কথা ভেবেছিলেন লাল-হলুদের ইনভেস্টার সংস্থা শ্রী সিমেন্টস। কিন্তু মাঝে বড় দিন থাকায় পূর্ব পরিকল্পিত আলোচনা পিছিয়ে দেওয়া হয়। সোমবার দলের পারফরম্যান্স সহ নানাবিধ বিষয় ইনভেস্টারদের সঙ্গে আলোচনা হয় এই স্প্যানিশ প্রশিক্ষকের। অবশেষে মঙ্গলবার সকালে ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দেন রিয়াল মাদ্রিদ যুব দলের প্রাক্তন কোচ।

তবে, রবি ফাওলারের পরিবর্তে এসসি ইস্টবেঙ্গল মানলো'কে কোচ করে এনেছিল মরসুমের শুরুতে। পছন্দের মতো বিদেশি এবং সাপোর্টিং স্টাফ পেয়েও রেজাল্ট দিতে পারছিলেন না তিনি। আট ম্যাচের মধ্যে একটিতেও জয় পাননি। চারটি ম্যাচে ড্র এবং সম সংখ্যক ম্যাচে হেরে লিগ টেবলের নীচে দল। সময় পেয়েও ডিফেন্সের গলদ শোধরাতে পারেননি রিয়াল মাদ্রিদ যুব দলের প্রাক্তন এই প্রশিক্ষক।
এই পরিস্থিতিতে সমর্থকদের চাপ বাড়ছিল ইনভেস্টার সংস্থার উপর। এমনিতেই ক্লাবের সঙ্গে কোনও যোগাযোগই রাখেনি শ্রী সিমেন্টস। তার উপর তাদের বেছে আনা কোচের পারফরম্যান্সের গ্রাফ তলানিতে। এই অবস্থায় সমর্থকদের চোখেও ভিলেন হয়ে উঠেছিল শ্রী সিমেন্টস। কিন্তু ম্যানুয়েল দিয়াজ'কে বরখাস্ত করতে হলে গুনতে হত পুরো মরসুমের টাকা। কিন্তু শ্রী সিমেন্টস আর অর্থ খরচ করতে রাজি নয়। এই অবস্থায় শুরু হয় ডিয়াজ'কে পদত্যাগ করার জন্য রাজি করানো। অবশেষে চুক্তি বাতিল হওয়ায় ইস্টবেঙ্গলের পক্ষ থেকে রাখা আর্থিক রফাসূত্রে রাজি হয়ে ইস্তফা দেন দিয়াজ। এমনিতে ভারতীয় সাপোর্ট স্টাফদের মতোই ম্যানেজমেন্টের সঙ্গেও খুব একটা মধুর সম্পর্ক নয় তাঁর।
দিয়াজের পরবর্তে এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ হওয়ার দৌড়ে হঠাৎ করেই এগিয়ে গিয়েছেন মারিও রিভেরা। আলেজান্দ্রো মেনেন্দেজে'র সহকারী হিসেবে কোয়েসের আমলে ইস্টবেঙ্গলে এসেছিলেন রিভারা। দ্বিতীয় মরসুমে ক্লাব কর্তাদের বিরুদ্ধে অসন্তোষের ফলে আলেজান্দ্রো দায়িত্ব ছাড়লে কোচ করে রিভার'কে নিয়ে আসা হয়। রিভেরা ছাড়া এই দৌড়ে নাম রয়েছে এলকো শাতোরি এবং ফিলিপ ডি'রাইডারেরও। যদিও শাতোরি'কে নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এসসি ম্যানেজমেন্ট নেয়নি। এই তিন কোচের মধ্যে এই মুহূর্তে এগিয়ে আছেন রিবেরা কারণ রিবেরা'র আর্থিক চাহিদা অনেকটাই কম। অপর দিকে. অভিজ্ঞতার বিচারে নেদরল্যান্ডসের এলকো বাকি দু'জনের থেকে অনেক এগিয়ে। ৫০ বছর বয়সী এই ডাচ কোচ আগেও ইস্টবেঙ্গলে কোচিং করিয়ে গিয়েছেন। আইএসএল-এ দায়িত্ব সামলেছেন নর্থইস্ট ইউনাইটেড এবং কেরল ব্লাস্টার্সের। এ ছাড়া আল রিফা, আল ইত্তেফাক এবং আল খালিজের মতো বহারিন এবং সৌদি আরবের প্রথম সারির দলের দায়িত্ব সামলেছেন সম্মানের সঙ্গে।












Click it and Unblock the Notifications