রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতা দিয়েই আইএসএল ডার্বি-সহ সব ম্যাচের পরিকল্পনা এসসি ইস্টবেঙ্গল কোচের

অনিশ্চয়তা কাটিয়ে আইএসএলের জন্য একেবারে শেষে লগ্নে দল গড়তে ঝাঁপিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। যে দল তৈরি করা সম্ভব হয়েছে তা সন্তুষ্ট করেছে লাল হলুদের নতুন হেড কোচ ম্যানুয়েল মানোলো দিয়াজকে। রিয়াল মাদ্রিদ যুব দলের প্রাক্তন কোচের কাছে স্পেনেই কোচিং করানোর প্রস্তাব ছিল। কিন্তু বিদেশে কোচিং করানোর বাসনা নিয়ে শতাব্দীপ্রাচীন ক্লাবকেই বেছে নেন দিয়াজ। সহকারী কোচ অ্যাঞ্জেল পুয়েবলাকে তিনি মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের। সেখানেই তিনি জানালেন নানা পরিকল্পনার কথা।

আইএসএল ডার্বি-সহ সব ম্যাচের পরিকল্পনা এসসি ইস্টবেঙ্গল কোচের

(ছবি- এসসিইবি টুইটার)

গত মরশুমে রবি ফাওলারের কোচিংয়ে এসসি ইস্টবেঙ্গলের ব্যর্থতাকে গুরুত্ব দিতে নারাজ দিয়াজ। তাঁর ভাবনাজুড়ে এবারের আইএসএল। একটাই মন্ত্র, উন্নতি করতে হবে এবং জিততে হবে। নানা ধরনের রণকৌশল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। আইএসএলে তাঁর দল যে আগ্রাসী ফুটবলই খেলবে সে কথা জানিয়ে দিয়েছেন দিয়াজ। দলের প্রস্তুতি দেখেও খুশি তিনি। দিয়াজ বলেছেন, দুটি প্রস্তুতি ম্যাচেই দল জেতায় আমি দারুণ খুশি। গোয়ায় আর্দ্রতা বেশি। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অসাধারণ খেলেছেন ভারতীয় ফুটবলাররা। নিজেদের দক্ষতার পরিচয় দেওয়ার পাশাপাশি শারীরিকভাবেও সক্ষম হয়ে উঠেছেন। মানসিকভাবে আরও শক্তিশালী হতে হবে। সবরকম পরিস্থিতিতেই একশো শতাংশ তৈরি থাকাটা অত্যন্ত জরুরি। প্রস্তুতি ম্যাচেও যে সব খামতি ধরা পড়েছে আগামী কয়েক দিনে সেগুলি পুষিয়ে নেওয়ার উপরই জোর দিচ্ছেন দিয়াজ।

রিয়াল মাদ্রিদের মতো লাল হলুদের ফুটবলারদের মানসিকভাবে শক্তিশালী করে তোলার পাশাপাশি দিয়াজ জোর দিচ্ছেন দলের ভারসাম্য রাখার উপরও। তিনি বলেন, আমাদের দল হিসেবে খেলতে হবে। সকলে মিলে যেমন আক্রমণে যাবে, তেমনই রক্ষণও সামলাতে হবে। শক্তিশালী দল গড়ার পাশাপাশি খেলার মানের উন্নতি ঘটাতে হবে। ফুটবলারদের দক্ষতা ও বিশেষত্ব সম্পর্কে আমি ওয়াকিবহাল। সকলেই প্রচণ্ড পরিশ্রমী। আশা করি, এবারের আইএসএলে আমরা ভালো ফলই করব। ভারতীয় ফুটবলারদের মানের উন্নতি ঘটানোও তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন দিয়াজ।

এরই মধ্যে দিয়াজের ভাবনায় ঢুকে পড়েছে নভেম্বরের ২৭ তারিখের ডার্বিও। এবারের আইএসএলে এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচই ডার্বি। দিয়াজ বলেন, এই দ্বৈরথের গুরুত্ব সম্পর্কে আমরা ওয়াকিবহাল। শুধু তিন পয়েন্ট অর্জনের জন্য জিততে চাই না। মূল উদ্দেশ্য মর্যাদার লড়াইয়ে জিতে সমর্থকদের খুশি করা। ডার্বির জন্য আমরা তৈরি। রিয়াল মাদ্রিদের সঙ্গে যুক্ত ছিলাম। খুব কঠোর মানসিকতার মানুষ আমি। সব ম্যাচেই জেতার লক্ষ্য নিয়ে নামি। শুধু ডার্বি জিতলেই চলবে না। পুরো মরশুম নিয়েই ভাবনাচিন্তা রাখতে হবে। ২০টি ম্যাচই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। একেকটি ম্যাচ ধরে এগোতে চাই। উল্লেখ্য, ২১ নভেম্বর তিলক ময়দানে জামশেদপুর এফসি ম্যাচ দিয়েই আইএসএল অভিযান শুরু করবে এসসি ইস্টবেঙ্গল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+