Santosh Trophy: কেরলকে উড়িয়ে সন্তোষ ট্রফি জয়ের খরা কাটাল বাংলা, রবির গোলে ইতিহাস
Santosh Trophy: সন্তোষ ট্রফি জিতে ফের ভারতসেরা বাংলা। ২০১৬-১৭ মরশুমের পর এই প্রথম। ফাইনালে একমাত্র গোলটি করেন রবি হাঁসদা।
সবচেয়ে বেশিবার সন্তোষ ট্রফি জেতার রেকর্ড আরও উন্নত করল সঞ্জয় সেনের প্রশিক্ষণাধীন বাংলা দল।

২০২১-২২ মরশুমে মঞ্জেরিতে খেতাব জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাংলা। সেবার কেরলের বিরুদ্ধে ম্যাচ ১-১ থাকার পর মীমাংসা হয়েছিল টাইব্রেকারে। ৫-৪ ব্যবধানে জিতে সেবার সন্তোষ ট্রফি জেতে কেরল। এতদিনে তার মধুর প্রতিশোধ নিল চাকু মান্ডির নেতৃত্বাধীন দল।
গাচ্চিবৌলি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটে কোনও দলই গোল করতে পারেনি। বাংলা দলে আজ নরহরি শ্রেষ্ঠাকে রাখেননি কোচ সঞ্জয়। কিছু রণকৌশলেও বদল এনেছিলেন। তবে গোলমুখ খোলা যাচ্ছিল না। ইনজুরি টাইম দেওয়া ৬ মিনিটের।
ইনজুরি টাইমের মিনিট দুয়েকের মধ্যেই গোল করেন রবি হাঁসদা। সেমিফাইনাল অবধি তাঁর নামের পাশে ছিল ১১টি গোল। ফাইনালের পর দেখা যাচ্ছে এবারের টুর্নামেন্টে এক ডজন গোল রয়েছে রবির নামের পাশে। যা টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড।
বাংলার গোলের পর নাচকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। কেরল বক্সের মধ্যে ইনডিরেক্ট ফ্রি কিক পায়। তবে সঞ্জু জি-র প্রয়াস লক্ষ্যভ্রষ্ট হয়। ৮০ মিনিটের পর আক্রমণের ঝাঁঝ বাড়ায় বাংলা। একটি আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করে ফেলেছিল তারা। এর মিনিটখানেক পর ক্রিস্টি ডেভিস গোলমুখী শট রুখে দেন।
বাংলা দল প্রথম পরিবর্তন করে ৭৫ মিনিটে। আবুসুফিয়ান এসকে-র জায়গায় নামানো হয় ইসরাফুল দেওয়ান। কেরলের হয়ে সেমিফাইনালে হ্যাটট্রিক করা মহম্মদ রোশাল নিজে গিলবার্টের জায়গায় নামেন ৭৮ মিনিটে।
প্রথমার্ধে কেরলের মিডফিল্ডার নিজো গিলবার্টের মাপা ক্রস পেয়েও বল গোলে রাখতে পারেননি আজসাল। তিনি খান দুয়েক সুযোগ নষ্ট করেন। বাংলা গোলের পরিস্থিতি তৈরি করছিল সেট পিসের মাধ্যমে। ৫৫ মিনিটে আজসাল ও নিজোর গোলের প্রয়াস রুখে দেন সৌরভ সামন্ত। ৫৮ মিনিটে বাংলা ফ্রি কিক পেলেও তা থেকে গোল করতে পারেনি।
𝐄𝐦𝐨𝐭𝐢𝐨𝐧𝐬 𝐫𝐮𝐧𝐧𝐢𝐧𝐠 𝐡𝐢𝐠𝐡 🏆✨
— Indian Football Team (@IndianFootball) December 31, 2024
𝐓𝐡𝐞 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭 West Bengal 𝐰𝐢𝐥𝐥 𝐜𝐡𝐞𝐫𝐢𝐬𝐡 𝐟𝐨𝐫𝐞𝐯𝐞𝐫! 🔥#SantoshTrophy #IndianFootball ⚽️ pic.twitter.com/QWpn3zdzbR
শেষ অবধি রবির গোলেই বাজিমাত। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস বিবৃতিতে লিখেছেন, দীর্ঘ সময় পর সন্তোষ ট্রফি জিতল বাংলা। ৭৮তম সন্তোষ ট্রফিতে কেরলের মত শক্তিশালী দলকে হারিয়ে এই নিয়ে ৩৩ বার ভারত সেরা হলো বাংলা।
অরূপের কথায়, সঞ্জয় সেনের অসামান্য কোচিং এবং চাকু মান্ডির অধিনায়কত্বে বাংলার ফুটবলারদের অনবদ্য পারফরম্যান্সের ফলেই এই জয়। বাংলা দলের কোচ, ফুটবলার ও কর্মকর্তাদের জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন, বাংলাকে আবার ভারত সেরা করার জন্য। জয় বাংলা।












Click it and Unblock the Notifications