Santosh Trophy: স্বপ্ন ভারতীয় দলে কোচিং, আইএসএলে বিদেশি কোচদের সহকারী হওয়া নিয়ে বিস্ফোরক সঞ্জয় সেন
মহমেডান, মোহনবাগান হয়ে বাংলা দল, সঞ্জয় সেন মানেই সাফল্য। সাত বছর পর বাংলা দলকে সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন করেছেন সঞ্জয় সেন। এর আগে আইএসএলে সহকারী কোচের দায়িত্ব সামলেছেন কিন্তু ডাকাবুকো সঞ্জয় বিদেশি কোচের অধীনে থাকতে নারাজ। বুধবার রাতে কলকাতায় ফিরে বৃহস্পতিবারটা পরিবারের সঙ্গে সময় কাটাবেন সঞ্জয় সেন। এরই মধ্যে ফোনে ওয়ান ইন্ডিয়াকে একান্ত সাক্ষাৎকার দিলেন বাংলার সন্তোষ ট্রফি জয়ী কোচ।
আইএসএলে কোচিং করানোর প্রসঙ্গে সঞ্জয় সেন বলেন, এর আগে আইএসএলে তিন বছর সহকারী কোচের দায়িত্ব ছিলাম সেখানে হাবাসের মত কোচের অধীনে কাজ করতে পেরেছি কিন্তু একটা জিনিস শেখার জন্য তিন বছর অনেকটাই সময়। তাই শুধুমাত্র ডাগ বসে মুখ দেখানোর জন্য আইএসএলে কোচিং করাবো না। যে কাজ করে আনন্দ পাওয়া যায় না সেই কাজ করব না। অবশ্যই আইএসএলে সহকারী কোচ হলেও অনেক টাকা পাওয়া যায় । কিন্তু টাকাই সব নয়।

এর আগে অনূর্ধ্ব ২৩ ভারতীয় দলে কোচিং করিয়েছেন কিন্তু জাতীয় দলে কোচ হওয়ার কি ইচ্ছা রয়েছে? এই প্রসঙ্গে সঞ্জয় সেনের স্পষ্ট জবাব, আমারও স্বপ্ন আছে ভারতীয় দলের কোচ হওয়া। আমার এখনই দরকার এমন কোনও বিষয় নেই। আমি ২৭ বছর পর বাংলা দলের দায়িত্ব পেয়েছি, আমার কোচিং জীবন ১৯৯৭ সাল থেকে শুরু হয়েছে। আমি কখনও ভারতীয় সিনিয়র দলের দায়িত্ব পাইনি। আমি কখনও আফসোস করিনি। আমি আপেক্ষায় থেকেছি, অপেক্ষায় থাকব। যদি আমাকে কেউ নির্বাচিত করেন জাতীয় দলের জন্য সেটা অবশ্যই ভালো লাগবে। আর সুযোগ না পেলেও আফসোস থাকবে না। যেটা পেয়েছি সেটাকেই অনেক মনে করব।
আইএফএ চাইছে বাংলা দলের সঙ্গে যুক্ত রাখতে সঞ্জয় সেনকে। কিন্তু আগামীদিনে সঞ্জয় সেনের ভাবনা কী? চেতলার বঙ্গ সন্তানের উত্তর, আমি সবে ফিরেছি, কিছুদিন বিশ্রাম করার প্রয়োজন আছে। ফলে এটা নিয়ে এখনই কোনও মন্তব্য করার সময় আসেনি। আইএফএ তাদের ভাবনা থেকে বলছে। কিন্তু আমার পক্ষে এখনই এর উত্তর দেওয়া সম্ভব নয়।
রবি হাঁসদা থেকে নরহরি শ্রেষ্ঠা, তাঁর কোচিংয়ে বাংলা দলের একাধিক তারকার উদয় হয়েছে। ছাত্রদের ভবিষ্যৎ প্রসঙ্গে সঞ্জয় সেন বলেন, এই দল থেকে সাত আটটা ছেলে এমন আছে যারা যদি সঠিক সুযোগ পায় তাহলে অনেক দূর এগোতে পারবে। এদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তবে সুযোগের ব্যবহার করতে হবে। আমি আসার আগের দিন আমি আমার মতো তাদের বলেছি, এবার তাঁরা তাদের দিক নির্ণয় করবে।












Click it and Unblock the Notifications